‘হালকা ধাক্কাতেই সরকার পড়ে যাবে’
বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের অবস্থা ক্ষয়িষ্ণু; জনগণের হালকা আঘাতেই তারা পড়ে যাবে।
রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দলের এই যুগ্ম মহাসচিব বলেন, “বর্তমান ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র এখন ক্ষয়িষ্ণু। জনগণের হালকা আঘাতে তারা হুড়মুড় করে পড়ে যাবে। এই সরকারের কৃত্রিম বেড়াজাল পেরিয়েই প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আজ দেশে মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ।”
ফাইল ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ১৯ অগাস্ট জনসভা করার অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেয়া হয়েছে। গণপূর্ত বলেছে, পুলিশের অনুমতি সাপেক্ষে হবে।
“আমরা আশা করছি, সরকারের মধ্যে গণতন্ত্রের লেশমাত্র থাকলে বিরোধী দলকে প্রতিবাদ সমাবেশ করার অধিকার পালনে কোনো বাধা দেবে না।”
শনিবারের কালো পতাকা মিছিলে বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী জানান, তারপরও সরকারের নানা প্রতিবন্ধকতার মধ্যে ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি সফল হওয়ায় খালেদা জিয়া নেতা-কর্মীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কুৎসা রটাচ্ছে- অভিযোগ করে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বিশেষ করে দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবিরাম কুৎসা রটনা করছেন।
“আমরা মনে করি, ঢাকায় বিভিন্ন বাড়ি দখল ও নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় নিজের ঘনিষ্ঠ আত্মীয়রা জড়িত থাকার কারণে চারিদিক থেকে যে ধিক্কার উঠেছে, সেটিকে আড়াল করতেই মায়া সাহেবরা মরিয়া হয়ে উঠেছেন। জিয়া পরিবারের বিরুদ্ধে অসভ্য কটুক্তি করে বিদ্বেষ প্রদর্শন করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দলনেত্রীর কৃপা লাভ করা। তারা (মন্ত্রীরা) লোকলজ্জার ধার ধারে না।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, শাহ মো. আবু জাফর, আবদুল লতিফ জনি, মনির হোসেন, মীর সরফত আলী সপু ও আবদুল আউয়াল খান উপস্থিত ছিলেন।
