২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি শান্তিপূর্ণ হবে, বাধা দেবেন না: মির্জা আব্বাস

আগামী ১৬ অগাস্ট রাজধানীতে কালো পতাকা মিছিল ‘শান্তিপূর্ণ’ হবে জানিয়ে তাতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 08:46 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের ধারাবাহিক কর্মসূচি শুরু করছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এই কর্মসূচি নিয়ে বুধবার নয়া পল্টনে ঢাকা মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় মির্জা আব্বাস বলেন, এটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ শোক মিছিল। এরপর ১৯ অগাস্ট সোহরাওয়ার্দী উদ্যানে হবে প্রতিবাদ সমাবেশ।”

“সরকারকে বলবো, আমাদের এসব কর্মসূচিতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা আতঙ্কিত হবেন না,” বলেন ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক।

গত ১৮ জুলাই নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর বুধবার তৃতীয়বারের মতো সভায় বসেন নেতারা।

কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশি অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “আমরা আজ ঘরোয়া একটি সভা করতে এসেছি। অথচ পুলিশ কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এটা একটা ছোট ঘরোয়া সভা। পুলিশের অবস্থা দেখে মনে হচ্ছে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে।”

“আন্দোলনের কথা শুনে সরকারের মন্ত্রীদের হাঁক-ডাক শুনছি, তারা নানা বক্তব্য দিচ্ছেন। মনে হচ্ছে, তারা ভয় পেয়েছেন। আবার তারাই বলছেন, বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। তাহলে কেন এত ভয়?”

“সরকারকে বলব, আরামে আছেন, আরামে থাকুন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবেন না।”

বিরোধী দলের মিছিল ও সমাবেশে বাধা দেয়ার অভিযোগ করে তিনি বলেন, “আমরা কি তাহলে বলব, সরকার ভয় পাচ্ছে বলে মিছিল করতে দিচ্ছে না?”

১৬ অগাস্টের মিছিলে কোনো রকম উস্কানিমূলক কার্যক্রম না চালাতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মহানগর কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে নতুন আহ্বায়ক বলেন, “কমিটি গঠনের কাজ চলছে। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন।”

ঢাকা মহানগরে ৪৯ টি থানা, ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়নের সাংগঠনিক কমিটি রয়েছে।

মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল খায়ের ভূঁইয়া, কাজী আবুল বাশার, এস এ খালেক, শামসুল হুদা, আবদুল মজিদসহ মহানগর কমিটির সদস্য এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।