ইসরায়েলের মতো দমন-পীড়ন চালাচ্ছে সরকার: হান্নান শাহ
গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে দমনাভিযান চালাচ্ছে সেভাবে সরকারও দেশে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের কোনো সরকার নয়। ইজরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারও দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
“আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণআন্দোলন শুরু হবে। জনগণকে সম্পৃক্ত করেই আমরা এই সরকারের বিরুদ্ধে লড়বো। আমাদের বিজয় হবেই।”
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরামের উদ্যোগে ‘গাজায় ইজরায়েলি বর্বরতা: নীরব বিশ্ব বিবেক’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হান্নান শাহ বলেন, “ক্ষমতাসীন দলের অনেক নেতা দেশের অর্থ পাচার করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ফ্ল্যাট-বাড়ি কিনছে। তারা বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তারা পাচার করা অর্থ জমা রাখছে।
“আগামীতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ক্ষমতাসীনদের ব্যাংক অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করা হবে।”
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, খেলার মাঠে দেখা হবে। আমরাও মাঠে ফুটবল খেলায় নামতে চাই। সুস্থ খেলা খেলতে চাই।
ফাইল ছবি
“সরকারকে বলব, ১১ জনের ফুটবল টিম হিসেবে আপনারাও নামুন। বুটের নিচে কাঁটা লাগিয়ে নামবেন না। তথাকথিত আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেবেন না।
“আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনে ন্যায়ের বিজয় হবেই। অন্যায়কারীদের বিচার হবেই।”
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলাকে ‘জেনোসাইড’ আখ্যা দিয়ে হান্নান শাহ বলেন, “অবৈধ আওয়ামী লীগ সরকার ইসরায়েলি বাহিনীর পথ অনুসরণ করেছে। গাজায় ইসরায়েলি সৈন্যরা যেভাবে কামানের গোলা ছুড়ে, মেশিন গান ব্যবহার করে নরহত্যা চালাচ্ছে, বাংলাদেশেও আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশে জনগণের ওপর গুলিবর্ষণ করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে, নির্যাতন চালাচ্ছে।”
গাজার ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাহায্যের জন্য বাংলাদেশে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, গাজার মানুষের জন্য আমরা খাদ্য সামগ্রী, ঔষধপত্র, চা, চিনি সংগ্রহ করে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে পৌঁছে দেই।”
নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) আবদুল লতিফ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফ্রি থিংকারস ফোরামের জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
