২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠকের পর কর্মসূচি ঘোষণা

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 11:00 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার রাতে এই বৈঠকের পর দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছেন, ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর কর্মসূচি ঘোষণা হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের একদিন পর সোমবার ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

রোববার রাতে স্থায়ী কমিটির মধ্যে ফখরুল বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, “কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, এখনো বৈঠক চলছে। কাল সোমবার ২০ দলীয় জোটের বৈঠক আছে। এরপর গণমাধ্যমকে সব কিছু জানানো হবে।”

বিএনপির কয়েকজন নেতা বলেন, আন্দোলনের কর্মসূচির বিষয়ে নেতাদের মতামত শুনেছেন খালেদা জিয়া। কিভাবে আন্দোলনকে পর্যায়ক্রমে তীব্র করা যায়, তা নিয়ে আলোচনা করছেন।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের ঘোষণা দিলেও তাতে সরকার গা দিচ্ছে না।

মন্ত্রী ও ও আওয়ামী লীগের নেতারা বিএনপির দাবি প্রত্যাখ্যান করে বলে আসছেন, এই সময়ে আন্দোলনে জনগণ সাড়া দেবে না।  

খালেদার সঙ্গে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন- আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, সারোয়ারী রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের ফাঁকে বেরিয়ে এসে ফখরুল জাতীয় সম্প্রচার নীতি, পদ্মায় লঞ্চডুবি, তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশি হামলা নিয়েও দলের অবস্থান জানান।

তিনি বলেন, “মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে অবৈধ সরকার দেশে একটি জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এটি জনগণের মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থি নীতিমালা।

“এর মাধ্যমে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে তারা দেশে একদলীয় শাসনের পথে হাটছে।”

জাতীয় সম্প্রচার নীতিমালাকে ‘গণবিরোধী নীতিমালা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় সরকার ও নৌ মন্ত্রণালয়ের ব্যর্থতা, অযোগ্যতা ও গাফিলতিকে দায়ী করেছে বিএনপি।

ডুবে যাওয়া লঞ্চের নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে তাদের স্বজনের কাছে দেয়ার পাশাপাশি নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছে দলটি।

তোবা গ্রুপের শ্রমিকদের ওপর পুলিশ ও মালিক পক্ষের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে শ্রমিকদের বকেয়া সব পাওনা দেয়ার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনের জামিনে সরকারের ‘হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়েও বৈঠকে প্রস্তাব নেয়া হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার নিন্দাও স্থায়ী কমিটির বৈঠক থেকে নেয়া হয়েছে বলে ফখরুল জানান।  

“বৈঠকে ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘ, আরব লীগ, ইসলামী সম্মেলন সংস্থাসহ সব গণতান্ত্রিক রাষ্ট্রসমূহকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়েছে।”