২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক মামলায় মির্জা আব্বাসের অব্যাহতি

পুলিশের কাজে বাধা, নাশকতা, হাতবোমা  বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানার এক মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:59 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত রোববার এই আদেশ দিয়ে মামলার অবশিষ্ট ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মির্জা আব্বাস আগেই এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিনে তার আবেদনেরও শুনানি হয়।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবির রাজ শুনানি শেষে মির্জা আব্বাসের আবেদন মঞ্জুর করে বাকি ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আব্বাসের অন্যতম আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহসীন মিয়া বলেন, “মামলায় কথিত নাশকতার ঘটনায় অর্থের  যোগানদাতা হিসাবে আব্বাসের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও অভিযোগপত্রের কোনো সাক্ষী ১৬১ ধারার জবানবন্দিতে তার নাম  বলেননি।

“র্নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় আব্বাসকে অব্যাহতি দেয়া হয়।”

২০১০ সালের ২৭ জুনে করা এ মামলায় মির্জা আব্বাস ছিলেন হুকুমের আসামি।

মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৭ জুন মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশে এজিবি কলোনির কাছে বিএনপি-জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়। এ সময় পুলিশ সদস্যদের ‘হত্যার উদ্দেশ্যে’ তারা ঢিল ও ককটেল ছোড়ে।

২০১২ সালের ২২ জুলাই মির্জা আব্বাসসহ ২০ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র দেন মতিঝিল থানার এসআই আব্দুল লতিফ।

আদালত প্রাঙ্গণে মির্জা আব্বাসের ধূমপান

‘আমরা সবাই খালেদা গ্রুপ’