অগাস্টের ‘ভাবগাম্ভীর্য’ রক্ষার আহ্বান আ. লীগের
অগাস্ট মাসের ‘ভাবগাম্ভীর্য’ রক্ষা করে কর্মসূচি দিতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী বিভিন্ন সংগঠন ও ঢাকা মহানগর কমিটির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই আহ্বান জানান।
তিনি বলেন, “এই মাসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কর্মসূচি কেউ দেবেন না।”
শনিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এই যৌথসভা হয়।
ঈদের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “এই বাংলাদেশে প্রতিটি মানুষের দায়িত্ব শোক দিবস সমানভাবে পালন করা। আমরা আশা করি, সকল রাজনৈতিক দল এটা ভেবেই সিদ্ধান্ত নেবে।”
ফাইল ছবি
বৈঠকে ৫ অগাস্ট শেখ কামালের জন্মদিন, ৮ অগাস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, ১৫ অগাস্ট শোক দিবস, ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কর্মসূচি চূড়ান্ত করা হয়।
হানিফ জানান, ৩ অগাস্ট কৃষক লীগের রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এই মাসের কর্মসূচি। আর শেষ হবে ৩১ অগাস্ট ছাত্রলীগের আলোচনার মধ্য দিয়ে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তা ও সদস্য ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে হামলা চালিয়ে বাংলাদেশের স্থপতি তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করে।
তখন থেকেই আওয়ামী লীগ দলীয়ভাবে দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ অগাস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে।
কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর আবার আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল।
২০০৮ সালে হাই কোর্ট এক রায়ে ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। তখন থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। এছাড়া সংবাদপত্রে বের হয় বিশেষ ক্রোড়পত্র।
দলীয়ভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অগাস্ট মাসের শুরু থেকেই সারা দেশে নানা কর্মসূচি পালন করে।
সৈয়দ আশরাফের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও নূহ-উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
