২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘র‌্যাব বিতর্কিত হওয়ায় পুলিশকে দিয়ে হত্যা’

র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) পর সরকার এবার পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক দিয়ে বিরোধী মতের নেতা-কর্মীদের ‘হত্যা করছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব বিতর্কিত হওয়ায় এখন পুলিশসহ তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে রিজভী বলেন, সাতক্ষীরার তালা উপজেলায় জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম বিপ্লবকে “বাসা থেকে ধরে নিয়ে” পুলিশ “বন্দুক যুদ্ধের নামে গুলি করে হত্যা করেছে”। এক ঝুট ব্যবসায়ীকে মীরপুর থানায় নিয়ে ‘নির্মমভাবে হত্যা করেছে একজন পুলিশ কর্মকর্তা”।

তিনি ‘বিপ্লব হত্যার’ নিন্দা ও প্রতিবাদ জানান এবং রাজধানীর মীরপুর থানার ওসি সালাহউদ্দিন খান বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেন।

রিজভী বলেন, “বিরোধী দল শূন্য করতেই সরকার বেছে বেছে বিরোধী নেতা-কর্মীদের হত্যা করছে।… টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার জন্যই সরকার গুম-খুন-অপহরণকে একমাত্র সমাধান মনে করছে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সমালোচনায় তিনি বলেন, “আওয়ামী হার্মাদ বাহিনী রক্ত ছাড়া আর কিছুই চিনতে পারছে না। স্বৈরাচারের সব বাধার দেয়াল ভেঙে না ফেলতে পারলে বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। তাদের বেআইনি গুম-খুন-অপহরণের মহোৎসবে বাধা দিতে না পারলে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন।