২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে খুনিরা: খালেদা

সরকারে জাসদ নেতা ও এইচ এম এরশাদের দলের অংশগ্রহণের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে রয়েছে ‘খুনিরা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 09:47 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বঙ্গবন্ধুর শাসনামল ১৯৭২-৭৫ সাল পর্যন্ত জাসদের ভূমিকা তুলে ধরে তিনি সোমবার এক অনুষ্ঠানে বলেন, “জাসদের নেতা-কর্মীদের আওয়ামী লীগ খুন করেছিল। জাসদ আওয়ামী লীগকে খুনি বলত, আওয়ামী লীগ জাসদকে খুনি বলত। আজ ওই জাসদ আওয়ামী লীগের সরকারের সঙ্গে যুক্ত হয়েছে।

“সব খুনিরা এই অবৈধ সরকারের সঙ্গে রয়েছে। রয়েছে আরেক খুনি এরশাদ। এসব খুনিরা এক হয়ে আজ দেশে খুনের রাজত্ব কায়েম করেছে।”

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের ইফতার অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসের কারণে দেশে ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ আজ শান্তিতে নেই বলে দাবি করে সবাইকে নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর আন্দোলনে নামতে আহ্বান জানান তিনি।

“আন্দোলন দমাতে সরকার মিথ্যা মামলা দিচ্ছে। এতে ভয় পেলে চলবে না। সবাইকে ভয়-ভীতি উপেক্ষা করে রাস্তায় নামতে হবে।”

আওয়ামী লীগ সরকার অভিজ্ঞ চিকিৎসকদের ওএসডি করে রেখেছে দাবি করে খালেদা বলেন, “ফলে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এটা কেবল চিকিৎসা খাতেই নয়, প্রশাসনেও। বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারছে না।”

ড্যাবের এই ইফতারে ঢাকাসহ বিভিন্ন জেলার মেডিকেল কলেজের চিকিৎকরা অংশ নেন। ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন খালেদার সঙ্গে এক টেবিলে ইফতার করেন।

ওই টেবিলে আরো ছিলেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ,অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বিএনপি নেতা আর এ গনি, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিজানুর রহমান সিনহা প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক এসএমএ ফায়েজ, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক পিয়াস করিম, সাংবাদিক শফিক রেহমান, মাহফজুউল্লাহ, অধ্যাপক আ ফ ম  ইউসুফ হায়দার, প্রকৌশলীদের নেতা আ ন হ আখতার হোসেন, আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন, কৃষিবিদ নেতা হাসান জাফরী তুহিন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফরহাদ হালিম ডোনার, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ।

চিকিৎসকদের মধ্যে ছিলেন অধ্যাপক মবিন খান, অধ্যাপক মো. তাহির, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক জালাল আহমেদ, মিজানুর রহমান, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক সেলিম শাকুর, অধ্যাপক আফতাব আহমেদ, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মুস্তকা রহিম স্বপন, ডা. রফিকুল কবির লাভু প্রমুখ।

প্রকৌশলীদের সঙ্গে বৈঠক

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর নতুন কমিটির সদস্যরা সোমবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

এ্যাবের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, প্রকৌশলী সৈয়দ মুনসিফ আলী এ সময় উপস্থিত ছিলেন।

এ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, সহসভাপতি মহসিন আলী, ঢাকার সহসভাপতি আবদুস সোবহানের নেতৃত্বে শতাধিক প্রকৌশলী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী আন্দোলন নিয়ে আলোচনা হয়।

‘পৃথিবী নয়, খালেদাকে রাজনীতি থেকে বিদায়ের কথা বলেছি’

পাল্টা খালেদাকে ক্ষমা চাইতে বললেন জাপা মহাসচিব