গাজায় হামলা বন্ধের আহ্বান আওয়ামী লীগের
গাজায় ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের গাজায় এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা বিপন্ন মানবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ছয়দিনের টানা বিমান হামলায় অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের তিন-চতুর্থাংশই বেসামরিক মানুষ বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, “সিয়াম সাধনার মাসে এই ধরনের বর্বরোচিত হামলা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের এহেন বর্বরোচিত হামলায় বিশ্ববাসীর সাথে বাংলার জনগণও হতবাক।
“জাতিসংঘ কূটনীতিক তৎপরতা চালালেও তাতে তেমন কোনো অগ্রগতি না হওয়া বিশ্বশান্তির জন্য এক অশনি সঙ্কেত। তাছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে এই হামলা অব্যাহত রাখার যে ঘোষণা ইসরায়েলের রাষ্ট্রপ্রধান দিয়েছেন তা বিশ্বের শান্তি রক্ষার জন্য হুমকিস্বরূপ।”
ইসরায়েলের এই বর্বরোচিত হামলা বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান।
