২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পীরগঞ্জ আওয়ামী লীগকে ছেড়ে দিল জাপা

রংপুরের পীরগঞ্জে আর কখনো জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

রংপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 07:29 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক সমাবেশে এই ঘোষণা দেন শেখ হাসিনা সরকারের এই প্রতিমন্ত্রী।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, “শেখ হাসিনা-এরশাদ ভাই বোন। ভাই বোনে কোনো ভোট হয় না। তাই আমরা এখানে কস্মিনকালেও প্রার্থী দেব না।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার পৈত্রিক এলাকা পীরগঞ্জে ১৯৯১ সাল থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসছিলেন।

শেখ হাসিনা ২০০১ সালে নির্বাচনে হারার পর জাতীয় পার্টি সঙ্গে জোট গড়ে পরপর দুই বার ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও গত বছর ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে বোন সম্বোধন করেন।

রাঙ্গা সমাবেশে বক্তব্যে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুলনার সমালোচনাও করেন।

“একটা কথা আছে না, কোথায় লিয়াকত আলী, আর কোথায় জুতার কালি। অনেকে সজীব ওয়াজেদ জয় আর তারেক রহমানের তুলনা করেন। হার্ভাডে শিক্ষিত জয় তার অল্পশিক্ষিত মূর্খ তারেকের কোনো তুলনা চলে না।”

জয়কে ফুলের মালাও পরিয়ে দেন রংপুরের সংসদ সদস্য রাঙ্গা।