খালেদার লক্ষ্য কী, প্রশ্ন হানিফের
ঈদের পর বিএনপি কী নিয়ে আন্দোলন শুরু করতে চায়, তা স্পষ্ট নয় আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফের কাছে।
বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেছেন, “একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনি কর্মসূচি দিতেই পারেন।
“কিন্তু আপনার লক্ষ্য কী? প্রতিটি রাজনৈতিক দলের ভিশন থাকে। আমরা জানতে চাই, আপনি কী কর্মসূচি দিতে চান?”
নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে সরকার পতনে সব দলকে তাতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে আসছেন খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে তা প্রতিরোধে হরতাল-অবরোধ করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। এর মধ্যেই ওই নির্বাচনের মধ্যদিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে।
“গত নির্বাচনের আগে আপনাদের কর্মসূচি জনগণের ভোগান্তি বাড়িয়েছিল। এবার যদি সে রকম কিছু হয়, তাহলে জনগণের ভোগান্তি বৃদ্ধি ছাড়া আর কোনো লাভ আপনাদের হবে না।”
ফাইল ছবি
“আপনি ইতোপূর্বে বিভিন্ন সময়ে একাধিকবার বলেছেন, জামায়াতের সঙ্গে আপনাদের দলের নির্বাচনী ঐক্য ব্যাতীত আর কোনো ঐক্য নেই। তাহলে আপনি কী কারণে জামায়াতের ইফতারে গিয়েছিলেন? দেশে কি ভোটযুদ্ধ শুরু হয়েছে?”
“আপনার ছেলে (তারেক রহমান) এক অনুষ্ঠানে বলেছিল, ছাত্রদল-শিবির ভাই ভাই। আপনি গতকাল জামায়াতের ইফতারে গিয়ে তা প্রমাণ করলেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পো্দ্দার, বঙ্গবন্ধূ সাংস্কৃতিক জোটের সহসভাপতি এটিএম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুন সরকার রানাও বক্তব্য রাখেন।
