২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘাতকের তরবারি হাতে নিয়ে কথা বলছেন তথ্যমন্ত্রী’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকির অভিযোগ এনে তার কঠোর সমালোচনা করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

প্রধানমন্ত্রীকে খুশি করতেই মন্ত্রী এ ধরনের বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “গত ৪ জুলাই স্বামীবাগের হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

“তার এহেন বক্তব্য ন্যাক্কারজনক, প্রতিহিংসামূলক, দাগী অপরাধীর মতো ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সম্প্রতি সংসদে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের রাজনৈতিক ভূমিকা নিয়ে জাতীয় পার্টির সাংসদদের সঙ্গে দলটির নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়ের প্রসঙ্গ তোলেন রিজভী।

তিনি বলেন, “সম্প্রতি সংসদে শাসক দলসহ জোটের নেতারা ১৯৭২-৭৫ সালে জাসদের জঙ্গি ভূমিকা নিয়ে বক্তব্য রেখেছেন। এতে জাসদের ইনু সাহেব বিব্রত। সেজন্য জনদৃষ্টিকে দিগভ্রান্ত করতে তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ঘাতকের তরবারি হাতে নিয়ে বক্তব্য রাখছেন।”

রুহুল কবির রিজভী বলেন, “সারা দেশে সন্ত্রাস-খুন-খারাবি চলছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে কিশোরীকে তুলে নিয়ে যাচ্ছে। এরমধ্যে মোসাহেবি মন্ত্রীরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নানা ধরনের কথা বলে বেড়াচ্ছেন।

“সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার পাখা যখন ছটফট করে তখন সেই ছটফটানিকে অবাধ ও অবিরাম রাখার জন্য তথ্যমন্ত্রী সেই প্রতিহিংসার আগুনে ঘি ঢেলে দেন নানা বাক্যবাণ দিয়ে।

“এতে তার মন্ত্রিত্বও নিরাপদ থাকে, আর জাসদ নিয়ে শাসকগোষ্ঠীর ক্ষোভকে ভুলিয়ে রাখা যায়। সেজন্য  খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকি তিনি (তথ্যমন্ত্রী) দিচ্ছেন।”

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।