২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহেদকে ‘অপহরণ’ চেষ্টার নিন্দা বিএনপির

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে ‘অপহরণের’ চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরুৎসাহিত করতেই শাহেদ চৌধুরীকে ‘অপহরণের’ চেষ্টা করা হয়েছে বলে এক বিবৃতিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, “দেশের একটি জাতীয় দৈনিকের সিনিয়র সাংবাদিককে প্রকাশ্যে রাস্তা থেকে অপহরণের চেষ্টা এটাই প্রমাণ করে যে, নির্বিঘ্নে সংবাদ আহরণ ও তা প্রকাশে সংবাদপত্র ও সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকরা এখন প্রচণ্ড চাপের মুখে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“বাকশাল গঠন করে অতীতে যেমনিভাবে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল তার চেয়েও নিষ্ঠুর স্বৈরাচারী কায়দায় বর্তমান অবৈধ সরকারও সাংবাদিকদেরকে হত্যা, গুম ও অপহরণের ভয় দেখিয়ে সংবাদপত্রের স্বাধীনতা ও সত্য বলা ও লেখার অধিকার খর্ব করার অপপ্রয়াস চালাচ্ছে।”

সম্পাদকদের জন্য আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গুলশানে আসার পথে সন্ধ্যায় বিজয় সরণি মোড়ে হামলার মুখে পড়েন বলে শাহেদ চৌধুরী জানিয়েছেন।

তার গাড়ি আটকে দুই যুবক তাকে টেনে-হিঁচড়ে তাদের গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শাহেদ।

এই সাংবাদিক নেতাকে ‘অপহরণের’ চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুরনো খবর:

ডিআরইউ সভাপতি শাহেদকে ‘অপহরণের’ চেষ্টা