২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রকাশনা আইনের বিতর্কিত ধারা ফেরাতে চক্রান্ত হচ্ছে’

‘দুর্নীতি-অপকর্ম’ আড়াল করতেই সরকার প্রকাশনা আইনের বিতর্কিত ধারা ফিরিয়ে আনার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:22 PM

Updated : 11 Jul 2022, 04:48 PM

শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের কার কত অর্থ আছে, পদ্মাসেতুর দুর্নীতিসহ নানা লুটপাটের সংবাদ যাতে জনগণ জানতে না পারে, সেজন্য সরকার আজ প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্টের বাতিল করা ধারা ফিরিয়ে আনার চক্রান্ত করছে।”

“উদ্দেশ্য একটাই দেশের সংবাদপত্র ও গণমাধ্যমকে বাকশালের মতো নিয়ন্ত্রণ করা। জনগণ যাতে কোনো ঘটনা না জানতে পারে, অন্ধকারে থাকে, সেজন্য এই অপচেষ্টা।”

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট-১৯৭৩ এর সংবাদপত্রের বাতিলের জেলা ম্যাজেস্ট্রেটের ক্ষমতা রহিত করেন তৎকালীর রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে সংবাদপত্রের কন্ঠরোধের অপচেষ্টার প্রতিবাদে এই আলোচনাসভা হয়।

রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘‘প্রকাশনা আইনের ওই ধারা আবার ফিরিয়ে আনা হলে দেশের সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার ওপর বিরাট আঘাত আসবে। সংবাদপত্রের কোনো স্বাধীনতা আর থাকবে না।”

১৯৯১ সালে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রকাশনার আইনের ওই ধারা বাতিল করেন।

ব্যারিস্টার রফিক বলেন, “ওই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি এই ধারা বাতিলের আগে বিচারপতি মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি কমিটি করেছিলেন। ওই কমিটির পরামর্শক্রমে তিনি (অস্থায়ী রাষ্ট্রপতি) অধ্যাদেশ আকারে জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা বাতিল করেনি।”

“পরে ৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে ওই অধ্যাদেশটি পাস করে আইনে পরিণত করেন। ওই আইনের ফলে জেলা ম্যাজিস্ট্রেটের যেকোনো পত্রিকার প্রকাশনার বাতিলের ক্ষমতা রহিত করা হয়।”

সংসদে কোনো বিরোধীদল নেই মন্তব্য করে তিনি বলেন, “এই সংসদে কোনো বিরোধী দল নেই। কথিত বিরোধী দল যারা দাবি করছে তারা বিরোধী দলেও আছে, সরকারেও আছে। এরকম একটি সংসদে হাসি-ঠাট্টা ছাড়া আর কিছুই আসে না।”

সুইস ব্যাংকের বাংলাদেশীদের হিসাবে অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের উদাসীনতার ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, “দেশের অর্থ বিদেশে পাঁচার হয়ে যাচ্ছে- কেন্দ্রীয় ব্যাংকের কোনো নজরদারি নেই। সুইস ব্যাংকের ঘটনা গণমাধ্যমে আসার পর তারা বলছে, তদন্ত করে দেখবে। এই তদন্ত হবে লোক দেখানো।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির তথ্য ও গবেষনা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, হৃদয় বাংলাদেশ এর সভাপতি মো. হানিফ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।