২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এরশাদের কবিতা পাঠ

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নিজের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের মানুষের শান্তি ও স্বস্তি আশা করে স্বরচিত কবিতা পাঠ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।  

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার সংসদে বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি নিয়ে নিজের লেখা ‘আমাদের যাত্রা হলো শুরু...গড়তে চাই প্রাণের বাংলাদেশ’ কবিতা পাঠ করেন সাবেক এই সামরিক শাসক।

এতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহাস্যে হাততালি দেন। সংসদ অধিবেশন কক্ষেও ছড়িয়ে পড়ে হাসির রোল।

বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন,  “বঙ্গবন্ধুকন্যা হিসেবে আপনি যা খুশি করেন, আমরা এতে সমর্থন জানাবো।

“মানুষ আপনার কাছে শাস্তি, শান্তি ও স্বস্তি চায়। মানুষ শান্তিতে ঘুমাতে চায়, স্বস্তিতে থাকতে চায়, সন্ত্রাসের বিরুদ্ধে শাস্তি চায়। তা নিশ্চিত করুন-আপনিও বঙ্গবন্ধুর মতো চিরকাল অমর হয়ে থাকবেন।”

জাতীয় পার্টি কখনো সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসের রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, “বাজেট বাস্তবায়নে দরকার সহায়ক পরিবেশ। ভোটের আগে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য, ধ্বংস চালিয়েছে তা অব্যাহত থাকলে সার্থক বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না।

“ভোটের আগের ওই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পুরোপুরি উন্নতি হয়নি। এতো বড় দেশে অনেক ঘটনা ঘটতে পারে। তারপরও নারায়ণগঞ্জ এবং লক্ষ্মীপুরেও ঘটনা ঘটেছে। কিন্তু কোনো প্রতিকার নেই। যদি জেল, ফাঁসি, শাস্তি হলে এসব বন্ধ হয়ে যাবে।”

‘বিষবৃক্ষ আপনারাই সৃষ্টি করেছেন’

আওয়ামী লীগের কারণে বিএনপি-জামায়াত ‘বিষবৃক্ষের’ উত্থান হয়েছে বলে দাবি করেছেন এরশাদ।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ‘স্বেচ্ছায়’ ১৯৯০ সালে ক্ষমতা ছেড়েছিলেন বলেও দাবি করেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক।

“আগের অতীতে কবর দিতে চাই। তখন ১৫ দল ও ৭ দল যে আন্দোলনকালে চুক্তি অনুসারে আমি ক্ষমতা ছেড়ে দিই। কিন্তু সে চুক্তি মানা হল না। আমাকে জেলে দেয়া হল। নেতাকর্মীদের জেল হলো, আমাদের ওপর অবিচার করা হলো। এ অবিচার কিছুতেই ভুলতে পারি না।”

সে সময়ের নির্বাচনে জাতীয় পার্টিকে সমান সুযোগ দিলে বিএনপি-জামায়াতের সৃষ্টি হত না বলে দাবি করেন তিনি।

এরশাদ বলেন, “আমি জেলে, দল কোনো প্রচারণা চালাতে পারেনি। এরপরও ৩৫টি আসন পেয়েছিলাম। কয়েকশ’ ভোটের ব্যবধানে ১৭টি আসনে হারানো হলো। আর যদি ৫টি আসন পেতাম, তাহলে বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকারে আসতে পারত না।”

ওই পরিস্থিতির জন্যে আওয়ামী লীগকে দায়ী করে এরশাদ বলেন, “এ বিষবৃক্ষ আপনারাই সৃষ্টি করেছেন। লেবেল প্লেয়িং ফিল্ড পেলে বিএনপির সৃষ্টি হতো না। আমরা-আপনারা মিলে সরকার গঠন করতাম। এটা আমার দোষ নয়, আমাদের দোষ।”

‘জাপাকে নিয়ে হাসবেন না’

এরশাদ বলেন, “১৯৯০ সালের পর এই প্রথম বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে জাতীয় পার্টি। এ সময় গত ৫টি সংসদে (দশম বাদে) অধিবেশন বর্জন করেছে বিরোধী দল, কটূক্তি করেছে। এটা কি গণতন্ত্র?

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“জাপা নেতিবাচক রাজনীতি করে না। জনগণের সম্পত্তি নষ্ট করে না, বরং রক্ষার কাজ করে। আমরা সরকারের ভুল ধরে দেয়ার চেষ্টা করছি। এরপরও আমাদের নিয়ে মন্ত্রিসভায়ও অনেক হাসাহাসি করে। আমাদের নিয়ে হাসবেন না। তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিদ্রুপ করা হবে।”

আওয়ামী লীগ বিরোধী দলের থাকাকালীন যথাযথ ভূমিকা রেখেছে কি না, তা নিয়েও প্রশ্ন রাখেন জাপা চেয়ারম্যান।

“আসুন, অতীতের খারাপ দৃষ্টান্তকে কবর দেই। সবাই মিলে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন যাত্রা শুরু করি। সরকারি দল ও বিরোধী দল শত্রু নয়, বরং আমরা প্রতিপক্ষ-এ স্লোগানে এগোই।”

কর্মসংস্থান বাড়ানো, সুশাসন নিশ্চিত করা, বিচার বিভাগে দলীয়মুক্ত করা, শিক্ষাঙ্গনে ছাত্র সংসদের নির্বাচন দেয়ার দাবি জানান এরশাদ।

নির্বাচন কমিশনসহ সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতেও আহ্বান জানান তিনি।

ইসির কঠোর সমলোচনা করে এরশাদ বলেন, “নির্বাচন কমিশনের এক্সরে করেও নাকি কোনো মেরুদণ্ড পাওয়া যায় নি। এমন নির্বাচন কমিশন আমরা চাই না। সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিন।”

তিক্ততার অবসান চান এরশাদ

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এবং সরকারের শরিক জাসদের মইনুদ্দিন খান বাদলের পরস্পরবিরোধী বক্তব্যে সৃষ্ট তিক্ততার অবসান চেয়েছেন এরশাদ।

তিনি বলেন, “দুজনের বক্তব্যে সংসদে যে তিক্ততার সৃষ্টি হল, আমি বক্তব্য দেয়ার ইচ্ছে হারিয়ে ফেলেছি। আজ অধিবেশনের শেষ দিনে মধুর স্মৃতি আশা করেছিলাম। দুর্ভাগ্য সেটা হলো না। আশা করব, যে তিক্ততার সৃষ্টি হয়েছে অধিবেশনের পর ফিরোজ-বাদল মিলে তার অবসান হয়ে যাবে।”

এরশাদের বক্তব্যের আগে জাসদের গণবাহিনী নিয়ে ফিরোজ রশীদের কথার জবাবে বাদল সামরিক শাসনের প্রসঙ্গ তুললে উত্তেজনার সৃষ্টি হয়।

জাপা চেয়ারম্যানের বক্তব্যের সময় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন না।

পুরনো খবর:

সংসদে গানে গানে আলোচনা মমতাজের