‘সুইস ব্যাংকের অর্থের তথ্য চাওয়া লোক দেখানো’
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, পাবে না জেনেও সরকার সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের তথ্য চেয়েছে।
সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বাড়ার খবর প্রকাশের পর তা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বৃহস্পতিবার সংসদে একথা বলেন তিনি।
সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “লোক দেখানোর জন্য সুইস ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংক তথ্য চেয়েছে। সুইস ব্যাংক তথ্য দিতে বাধ্য নয়।”
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সুইজারল্যান্ডের এফআইইউর কাছে সুইস ব্যাংকগুলোতে গচ্ছিত বাংলাদেশিদের অর্থের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাচার করা এই অর্থ ফেরত আনার কথা বললে বিএনপির পক্ষ থেকে এই অর্থের হদিস বের করতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে ক্ষোভ জানিয়ে জাতীয় পার্টির ফিরোজ রশীদ বলেন, “যখন টাকা পাচার হয় তখন ধরতে পারে না।
“হল-মার্ক নিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। একটি শাখা থেকে এতগুলো টাকা লুটপাট হলো। অথচ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হল না। তারা তো প্রতিনিয়ত মনিটরিং করে।”
বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম ধরার পরও রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে না দেয়ার সমালোচনাও করেন তিনি।
ব্যাংকগুলোতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) টাকা লুটপাট হচ্ছে বলেও অভিযোগ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্যের।
“সিএসআরের নামে ব্যাংকগুলোতে হরিলুট চলছে। সিবিএ কর্মকর্তা আর পরিচালক নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকও নিয়ন্ত্রণ করতে পারছে না।”
আর্থিক খাতের বিশৃঙ্খলা নিয়ে চলমান মামলাগুলোর বিচারে দীর্ঘসূত্রতায়ও অসন্তোষ জানান তিনি।
