সুইস ব্যাংকের টাকার হদিস চান ফখরুল
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে কারা কারা সুইস ব্যাংকে রেখেছেন, তাদের চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার এক আলোচনা সভায় বক্তব্যে এই দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর গত শুক্রবার শেখ হাসিনা এক জনসভায় বলেন, “সুইস ব্যাংকে কার কী টাকা আছে, তা দেশে ফিরিয়ে আনা হবে।”
এই অর্থ ‘পাচারে’ যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার ঘোষণা দেন তিনি।
ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, কারা টাকা রেখেছে, এর তালিকা জানাবেন। আমরা জোরালোভাবে দাবি করছি, আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে কারা কারা অর্থ জমা রেখেছেন, তা খুঁজে বের করা হোক।
“আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত হলে বাংলাদেশিদের কার কত টাকা আছে, তা বের হয়ে আসবে। সরকারকে এই তদন্ত করতে বলব না, কারণ সেখানে তাদের টাকাই জমা রয়েছে।”
ক্ষমতাসীনরা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে বিএনপির মুখপাত্র বলেন, “এই সরকারের আমলে পুঁজিবাজার, হল-মার্কসহ বিভিন্ন ব্যাংক থেকে যেভাবে অর্থ লুটপাট হয়েছে, তা বিশ্বে নজিরবিহীন।
“পাচার করা ওই অর্থ দিয়ে কানাডায় আবাসিক এলাকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর সেখানে নির্মাণ করা হয়েছে। কেবল তাই নয়, তারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে।”
“নিউ ইর্য়ক, সিঙ্গাপুর, লন্ডন প্রভৃতি দেশেও বাংলাদেশ থেকে অর্থ পাচার করে ক্ষমতাসীনরা বাড়ি-ঘর-এপার্টমেন্ট কিনেছে। তারাই আবার প্রশ্ন করে- সুইস ব্যাংকে কার টাকা আছে!”
জাতীয় প্রেসক্লাবে শাহবাগ থানা বিএনপির উদ্যোগে নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধানের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল।
২০১০ সালের ২৫ জুন রাজধানীর ফার্মগেইটের কাছ থেকে চৌধুরী আলমকে তুলে নেয়া হয়। এরপর তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি।
অবিলম্বে চৌধুরী আলমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বর্তমান সংসদকে ‘অবৈধ’ অভিহিত করে তিনি বলেন, “জনগণের প্রতিনিধিত্ব নেই বলে এই সংসদকে জনগণের সংসদ বলা যাবে না। এতে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১৪৬ জন শতকরা ৫ ভাগ ভোটে নির্বাচিত হয়েছেন।
“সংসদ নেতা বলেছেন, এই সংসদ নাকি আদর্শ সংসদ। কারণ গৃহপালিত বিরোধী দল তার ভাষায় গঠনমূলক ভূমিকা রাখছে।”
বাজেট নিয়ে ফখরুল বলেন, “বর্তমান অবৈধ সরকারের একটি বাজেট আজ পাস হয়েছে। যাতে আবারো কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এই বাজেট করা হয়েছে, লুটপাট করে জনগণের অর্থ নিজেদের পকেটে নেয়ার উদ্দেশ্যে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা গোটা দেশকে গুম-সন্ত্রাস-ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগের সভানেত্রী গডফাদরদের প্রশ্রয় দিচ্ছেন। পত্রিকায় প্রকাশিত শামীম ওসমানের সাক্ষাৎকার পড়লে শিহরিত হতে হয়।
“বিরোধী দলের জন্য এক আইন, সরকারি দলের জন্য ভিন্ন আইন। আমাদের রাজধানীতে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। অথচ সরকারি দল রাস্তা বন্ধ করে ব্যান্ড সঙ্গীতের দল নিয়ে মিছিল করে সমাবেশ করছে।”
বর্তমান সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান ফখরুল।
শাহবাগ থানা আহ্বায়ক আবুল আহসান তালুকদার ননীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, চৌধুরী আলমের মেয়ে মাহমুদা আখতার মনিকা বক্তব্য রাখেন।
