গোলাম মসীহ দলের কেউ নয়: এরশাদ
রওশান এরশাদের রাজনৈতিক সচিব হলেও গোলাম মসীহ-এর সঙ্গে জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বুধবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) শাখার ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “মসীহ আমার দলের কেউ না।
“মসীহ আমার পার্টির সদস্য ছিলেন। পরে তিনি পদত্যাগপত্র জমা দেন। ওই পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়নি। তার সঙ্গে আমার পার্টির কোনো সম্পর্ক নেই।”
ইউনিয়ন ব্যাংকের শেয়ার সংক্রান্ত দ্বন্দ্বে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসীহ গত বছর ৩০ অক্টোবর দল থেকে বহিষ্কৃত হন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এরশাদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর আহমদ দল থেকে বহিষ্কৃত হয়ে গত বছরের ২০ ডিসেম্বর জাতীয় পার্টি নাম নিয়েই আলাদা একটি দল গঠন করেন।
কাজী জাফর নেতৃত্বাধীন ওই পার্টির মহাসচিব হয়েছিলেন গোলাম মসীহ। কিন্তু মাস দুয়েকের মধ্যেই তিনি ওই দল থেকে বেরিয়ে রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে যোগ দেন।
নতুন জাতীয় পার্টির ঘোষণা দিয়ে ২০১৩ সালের ৭ ডিসেম্বর কাজী জাফর আহমেদের সঙ্গে সংবাদ সম্মেলনে গোলাম মসীহ।
বুধবারের ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির তালিকায় রওশন এরশাদের নাম থাকলেও তিনি আসেননি।
সম্প্রতি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে গোলাম মসীহর নাম প্রস্তাব করেছিলেন রওশন। কিন্তু ওই প্রস্তাব এরশাদ গ্রহণ করেননি বলে দলীয় নেতারা জানান।
গোলাম মসীহ-এর বিষয়ে এরশাদের ঘোষণার কারণ জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি একটি পত্রিকায় ‘জাতীয় পার্টির মহাসচিব ইচ্ছামতো জেলা কমিটি গঠন করছেন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
“ওই সংবাদে ‘জাতীয় পার্টির কমিটি গঠন এবং ভাঙা নিয়ে মহাসচিব বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কোনো পরামর্শ করেন না’- মসীহর এমন বক্তব্য ছিল। মসিহর ওই বক্তব্য পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব কেউই ভালোভাবে নেননি।”
এই বিষয়ে মসীহ-এর সঙ্গে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, “আমি জাতীয় পার্টির চেয়ারম্যান। এখানে কেউ খেয়াল-খুশি মতো কাজ করতে পারে না। আমার অনুমতি ছাড়া কোনো কমিটি গঠনও করা হয় না, ভাঙাও হয় না।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
