জয়পুরহাটে খালেদার সমাবেশ বিকালে
গুম-খুন-হত্যার প্রতিবাদে জয়পুরহাটে রোববার বিকালে জনসভা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ফাইল ছবি
মে মাসে রাজধানীতে দুটি সমাবেশ পণ্ড হওয়ার পর সর্বশেষ গত ২৮ মে ঢাকার বাইরে মুন্সিগঞ্জে জনসভা করেন খালেদা জিয়া।
এর আগে জনসভায় যোগ দিতে শনিবার রাতেই বগুড়া আসেন পৌঁছান তিনি।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টার দিকে সার্কিট হাউজ থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। জয়পুরহাটের জনসভা শেষ করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ফের রওনা হবেন।”
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জনসভার সব প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপি।
জেলা সভাপতি মোজাহার আলী প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন জনসভার জন্য প্রস্তুত। জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ১২টা থেকে জনসভাস্থলে আসতে শুরু করবে। জনসভা শুরু হবে বেলা আড়াইটায়।”
