সামরিক শাসন চেয়েছিলেন খালেদা : তোফায়েল
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে না এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সামরিক শাসন টেনে আনার ‘পাঁয়তারা’ করেছিলেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, “৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে না এসে খালেদা জিয়া থাইল্যান্ডের মতো সামরিক শাসকের হাতে ক্ষমতা তুলে দিতে চেয়েছিল।
“সাংবিধানিকভাবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সে সুযোগ তিনি পাননি। ৫ বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।”
এর আগে ১০ বছর পরে পুরাতন কাচারী বালুর মাঠে মুন্সীগঞ্জ জেলা সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, সঠিক রাজনীতি করি না বলেই নানা সমস্যার সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা গেলে এবং সঠিক রাজনীতি চর্চা করলে এমনিতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “পত্র-পত্রিকায় আপনাদের নিয়ে বিভিন্ন খবর আমাদের বিব্রত করে। আদর্শবান রাজনীতি করতে হলে এগুলো পরিহার করুন।”
গঠনতন্ত্র অনুযায়ী যথাসময়ে সম্মেলন করে কমিটি গঠনের পরামর্শ দেন সাধারণ সম্পাদক আশরাফ।
জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেনিন, আহম্মদ হোসেন, ফজিলাতুন্নেছা ইন্দিরা, বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, মৃণাল কান্তি দাস, সাগুফতা ইয়াসমিন এমিলি, সুকুমার রঞ্জন ঘোষ ও শেখ লুৎফর রহমান প্রমুখ।
