রাষ্ট্রপতিকে সমর্থন হাছান মাহমুদের
সংলাপের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের বক্তব্য নিয়ে বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে যা বলা উচিত ছিল রাষ্ট্রপতি তাই বলেছেন।
গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, সরকারের মেয়াদ শেষে নির্বাচনের বিষয়ে যে কোনো দলের সঙ্গে সংলাপ হতে পারে।
তার এই বক্তব্যকে জনগণের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ বলেছেন দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ
“সংবিধান ও রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে তার যা বলা উচিত, সেটাই তিনি বলেছেন। এখানে বিশ্বাসঘাতকতার কোনো প্রশ্ন আসে না।”
বর্তমান সংসদে ১৫৩ জন এমপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, “কিন্তু এর দায় সরকারের নয়।বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণেই এটা হয়েছে।”
‘প্রধানমন্ত্রীর নিজস্ব মতামত’
জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চালানো এক সন্তান নিতে উৎসাহ দেয়ার প্রচারণায় দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে তার ‘নিজস্ব মতামত’ বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রীর বক্তব্য জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিকে নিরুৎসাহিত করবে কি না- বিবিসির সংলাপে দর্শকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) স্লোগান পরিবর্তনের কথা বলেননি। স্লোগানের বিষয়ে তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন।”
হাছান মাহমুদ বলেন, “জনসংখ্যা বৃদ্ধির বর্তমান যে হার, তাতে প্রতি বছর আমরা ২ মিলিয়ন একর ভূমি হারাচ্ছি, যা মোট আবাদযোগ্য ভূমির এক শতাংশ। আমরা আমাদের জনসংখ্যা ২২ কোটির মধ্যে সীমিত রাখতে চাই। এ লক্ষ্যে সরকার জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।”
