বিকল্প বলয় গড়ে তুলুন: সিপিবি-বাসদ
আওয়ামীলীগ ও বিএনপি জোটের বাইরে 'বিকল্প বলয়' গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবি সভাপতি সেলিম বলেন, “একদিকে সরকারের জনসমর্থন দ্রুতই কমছে। অন্যদিকে বিএনপির কাছ থেকেও মানুষ কোন কিছু আশা করছে না।
"সংসদে সরকারের পাশে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে বসে আছে। আর সংসদের বাইরে সরকারের সমমনা বিরোধী দল হচ্ছে বিএনপি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণির পদলেহনের নীতি অনুসরণ করছে। তাদের দিয়ে জনগণের সঙ্কট সমাধান সম্ভব নয়। তাই বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তুলতে হবে।”
৫ জানুয়ারির নির্বাচন করে সরকার ‘শুধু নিজেদের আসন পাকাপোক্ত করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের নানা কাজের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি সেলিম বলেন, “জনগণের স্বার্থ নিয়ে সরকারের কোন মাথাব্যথা নেই। ধনিকশ্রেণীর স্বার্থে গরিব মারার বাজেট করা হয়েছে।
"বিহারীপল্লীর হত্যাকান্ডের সাথে যুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না। যুদ্ধাপরাধীদের বিচার অগ্রসর করা হচ্ছে না। জামাতের বিচারপ্রক্রিয়া থেমে আছে। সরকার সাধারণ মানুষের স্বার্থে দেশ পরিচালায় ব্যর্থ হয়েছে।”
সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “সন্ত্রাস, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণের জাগরণ ঘটাতে হবে। দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে বাম-গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তুলতে হবে। ”
সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।
