২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত’

যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 11:33 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

সোমবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যুক্তরাজ্যে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী সেখানকার পার্লামেন্টের একটি কমিটি কক্ষে এক সভায় বলেছেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করে সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন।

“পররাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

গত শুক্রবার লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটি কক্ষে এক সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীকে উৎসাহিত করেছিলেন।

তার বক্তব্য নাকচ করে মির্জা ফখরুল বলেন, “৫ জানুয়ারি বেগম খালেদা জিয়া সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছিলেন। আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য সব সময় লড়াই-সংগ্রাম করেছেন।

“নব্বইয়ে সামরিক এক নায়কতন্ত্রের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। ৫ জানুয়ারি একদলীয় নির্বাচনকে আড়াল করতে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে যা বলছেন, তা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।”

দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যদি আওয়ামী লীগ দ্রুত নির্বাচন না দেয় তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে। সেক্ষেত্রে সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের কোনো পথ থাকবে না।”

চীন থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তারও প্রতিবাদ জানান ফখরুল।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে তাকে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু ইতিহাস বলে, ৫ দিনের মধ্যে তাকে বাড়ি বুঝিয়ে দেয়া হয়েছিল। ওই  বাড়ির সব স্বর্ণালঙ্কার, হীরা-গহনাসহ সব জিনিসপত্র বুঝিয়ে দেয়া হয়। কেবলমাত্র অস্ত্র-শস্ত্র যেগুলো ওই বাড়িতে পাওয়া গিয়েছিল, তা দেয়া হয়নি।”

চট্টগ্রামে নিহত হওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে বাড়ি ও তার দুই ছেলের লেখাপড়ার অর্থ সহযোগিতা দেয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন ফখরুল।

“প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর সংসদে তার পরিবারকে বাড়ি ও দুই ছেলে পড়াশুনার সহযোগিতা দেয়ার জন্য সর্বসম্মত প্রস্তাব পাস হয়। তার ভিত্তিতেই সরকার জিয়া পরিবারকে তা দিয়েছে,” বলেন তিনি।