২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালসীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি খালেদার

রাজধানীর মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানি ক্যাম্পে সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করার দাবি জানিয়েছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এই ঘটনার নিন্দা জানিয়ে শনিবার বিকালে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই দাবি জানান।

খালেদা বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই হামলা কাপুরুষোচিত ও বর্বরোচিত। বিএনপি এই ধরনের সন্ত্রাসী আক্রমণকে মানবতাবিরোধী ও সভ্যতা ধ্বংসকারী কর্মকাণ্ড বলে মনে করে।

“মিরপুরের এই জীবন বিনাশী রক্তক্ষয়ী কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নকারী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি জোর দাবি জানাচ্ছি্”

পুলিশের বক্তব্য অনুযায়ী, শবে বরাতের রাতে আতশবাজি ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে দুই দলের সংঘর্ষ বাঁধে।

হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাকে দায়ী করেছেন ক্যাম্পবাসী অনেকে।

সংঘর্ষের সময় কয়েকটি ঘরে আগুন দেয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান নয়জন। এছাড়া পুলিশের সঙ্গে ক্যাম্পবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন।

এই ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই ঘটনায় উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হবে।

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে খালেদা জিয়া ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

তিনি বলেন, “সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে।

“সরকারি দলের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধু বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, সাধারণ নাগরিকের ওপরও হামলা চালাচ্ছে।”

পুরনো খবর:

‘বিহারি ক্যাম্পে’ সংঘর্ষ-আগুন, নিহত ১০
কালশীতে উস্কানিদাতাদের ধরা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী