২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দৃষ্টি সরাতে প্রধানমন্ত্রী অসত্য বলছেন’

জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য  জিয়াউর রহমানকে জড়িয়ে ‘মিথ্যাচার’ করেছেন বলে দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 02:03 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের জন্য জিয়াকে দায়ী করে আগের দিন প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।

তিনি বলেন, “জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রধানমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তা এরকম বক্তব্যের সঙ্গে জাতি পরিচিত। আমরা তার (শেখ হাসিনা) এহেন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“যখন সরকার দেশে সুশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে, যখন গুম-হত্যার ঘটনায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে, সারা দেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে, ঠিক তখনই জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে প্রধানমন্ত্রী এরকম অসত্য কথা বলেছেন।”

এ ধরনের বক্তব্য পরিহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ফখরুল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা মনে করি, দেশকে সামনে নিয়ে যাওয়াই হলো প্রধান কাজ। সেজন্য যেসব সমস্যা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করাই সময়ের দাবি।”

সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের এক যৌথ সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর খুনি মোশতাক। জিয়াকে সে সেনাপ্রধান করে। মোশতাক বঙ্গবন্ধুর হত্যাকারী, তার মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা আছে।

“মরে গিয়ে বেঁচে গেছে, নইলে ওরেও আসামি করতাম। আসামি করতাম, এটাই পরিষ্কার কথা।”

বিএনপির মুখপাত্র বলেন, “ঐতিহাসিক সত্য হচ্ছে- আওয়ামী লীগের নেতারা শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত। তার প্রিয় ব্যক্তি ছিলেন খোন্দকার মোশতাক। ওই হত্যাকাণ্ডের পর তিনি (মোশতাক) রাষ্ট্রপতি হয়েছিলেন।

“শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই তার মন্ত্রিসভায় যোগ দিয়েছিলো। তৎকালীন সেনাপ্রধান কে এম সফিউল্লাহ ও বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার ওই মোশতাক সরকারের প্রতি আনুগত্য ও সমর্থন জানিয়েছিলেন।”

১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন। আর জিয়াউর রহমান সাহেব নিহত হন ৩০ মে। এই দুইয়ের মধ্যে যোগসূত্র রয়েছে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বন্দুক নিয়ে ওই সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন। এটা ঠিক নয়। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সংসদে ১১ মিনিটে সব কিছু পাল্টিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। আজকে যিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন, তিনিও ভোট ছাড়া প্রধানমন্ত্রী পদে বসে আছেন।”

যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশে কথা বলার স্বাধীনতা আছে- প্রধানমন্ত্রীর এই কথা ‘সত্য’ নয় দাবি করে তিনি বলেন, “এখন স্বাধীনতা এমনই যে আমি কথা বলেছি বলে ২২ টি মামলা দেয়া হয়েছে। ওইসব মামলার অভিযোগপত্রও হয়েছে।”

জিয়া হত্যার নতুন তদন্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, “যে মানুষটি জিয়া হত্যার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি তিনিই আজকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত।”

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়া হত্যাকাণ্ডের  নতুন করে তদন্ত করা হবে।

একইসঙ্গে ১৯৭২-৭৫ সালে রাজনৈতিক নেতা সিরাজ সিকদারসহ বিরোধী রাজনৈতিক কর্মী হত্যার তদন্ত করে বিচারও করবেন তারা।

বাজেট

বর্তমান সরকারে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এই সরকারের সংসদে বাজেট উপস্থাপনের কোনো অধিকার নেই। এ কারণে আমরা সচেতনভাবে এবার কোনো বাজেট ভাবনা কিংবা ছায়া বাজেট উপস্থাপন করছি না।”

তিনি বলেন, “সরকার এবার জিডিপি ৬ দশমিক ১ শতাংশ হবে বলছে। আইএমএফ, সিপিডি জিডিপির এই হারের সঙ্গে একমত নয়। অতীতেও আমরা দেখেছি, সরকার বিভিন্ন তথ্য-উপাত্তকে ম্যানিপুলেটেড করে জিডিপির হার নির্ধারণ করেছে। এটা বিভ্রান্তিমূলক।”

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

‘না মরলে জিয়াকেও আসামি করা হত’