২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের ‘উস্কানিতে’ পা নয়: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে তারেক রহমান উস্কানি দেয়ার চেষ্টা করছেন দাবি করে এ নিয়ে কথা না বাড়াতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি তারেককে উদ্দেশ করে বলেছেন, “যারা মুচলেকা দিয়ে বিদেশ যায়, আন্দোলন কর্মসূচি দিয়ে মাঠে অনুপস্থিত থাকে, তারাই ইতিহাস বিকৃতির ঘৃণ্য ষড়যন্ত্র করে।

“এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।আমি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানাব,এই সব উস্কানিতে সাড়া না দিতে। আমরা উন্নয়নের মাধ্যমেই তাদের এই সব উস্কানির জবাব দেব।”

হুলিয়া নিয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক সম্প্রতি এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘ব্যর্থ রাজনীতিক’ অভিহিত করে তার বাবা জিয়াউর রহমানকে ‘সফল’ বলে দাবি করেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে কয়েক মাস আগে দাবি করেন, বঙ্গবন্ধু ছিলেন ‘অবৈধ প্রধানমন্ত্রী’, বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ ছিলেন তার বাবা। 

তার এই সব বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মধ্য থেকে, সংসদেও এ নিয়ে প্রতিবাদ ওঠে। 

তারেকের বক্তব্য নিয়ে শুক্রবারও দুটি আলোচনা সভায় প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

Image
মঙ্গলবার সেতু ভবনে ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার সেতু ভবনে ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এর মধ্যেই সভাপতিমণ্ডলীল সদস্য ওবায়দুল কাদের শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তারেকের কথায় কান না দেয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে আন্দোলনে চরমভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইতিহাসের মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করতেও পিছপা হচ্ছে না।”

পুরনো খবর:

‘শেখ মুজিব ব্যর্থ, জিয়া সফল রাজনীতিক’
তারেক ‘হুঁশের পাগল’: কামরুল
তারেককে উপহাস সুরঞ্জিতের