তারেককে উপহাস সুরঞ্জিতের
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহাস করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, `মনস্তাত্ত্বিক চাপে' চাপ থেকে ‘অসংলগ্ন’ কথা বলছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ এবং নিজের বাবা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ‘সফল’ রাজনীতিক দাবি করে তারেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তারেককে এই ‘মনস্তাত্ত্বিক চাপ’ থেকে বেরিয়ে আসতে তার দল বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “তারেকের বক্তব্যের বিষয়ে কি বলব বলেন…আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। তারেকের মায়ের সঙ্গে রাজনীতি করেছি।
“আর এখন এই ছেলে লন্ডনে বসে কি সব একের পর এক অসংলগ্ন কথা বলে যাচ্ছে। তার এসব কথার কি জবাব দেব?”
সুরঞ্জিত বলেন, “আসলে দীর্ঘ দিন ধরে তারেক লন্ডনে আছে। সে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে ভুগছে। এটা এক ধরনের বিকৃতি। রাজনীতির ভাষায় একে বলা হয়, পলিটিক্যাল পারভার্শন। তাই তার এইসব কথা জবাব দেয়ার দাবি রাখে না।”
গত সাড়ে ৫ বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থানরত তারেক রহমানকে মানসিকভাবে সহযোগিতা করতে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাদের প্রতি আহ্বান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “আমি বিএনপি জোটকে আহ্বান জানাব তারেককে এই পারভার্শন অবস্থা থেকে, ইতিহাস বিকৃতির এই বিধ্বংসী মনোভাব থেকে বিরত রাখতে। তারেকের বক্তব্য উদ্দেশ্যমূলক।
“পাশাপাশি আমি আশা করব, তারেক নিজে এই অবস্থা থেকে মুক্ত হয়ে সুস্থ রাজনীতির পথে ফিরে আসবেন এবং এই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন।”
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। তখন থেকে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।
গত বুধবার সন্ধ্যায় লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন।
“শেখ মুজিব ৩০ বছরে যা করতে পারেননি, জিয়া ৫ বছরে তা করে দেখিয়েছেন।”
আইন, বিচার ও সংবিধান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত আলোচনায় এলিট বাহিনী হিসেবে পরিচিত র্যাব নিয়েও কথা বলেন।
তিনি বলেন, “র্যাবের বিলুপ্তি নয়, এই বাহিনীকে বরং কার্যকর ও সময়োপযোগী করা হোক।
“এক্ষেত্রে র্যাবকে পুলিশের অধীনে নয়, সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনে এর আধুনিকায়ন করা যেতে পারে।”
