তারেক ‘হুঁশের পাগল’: কামরুল
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় তারেক রহমানকে ‘হুঁশের পাগল’ বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার গণগ্রন্থাগার অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অনেকে বলেন তারেক পাগল; আমি বলি সে হুঁশের পাগল।
“বেয়াদব, অর্বাচীন, কুলাঙ্গার, জ্ঞানপাপী… যত রকম বিশেষণ দেয়া যায়, তার সবগুলোই প্রয়োগ করা যাবে।”
কয়েকমাস আগে লন্ডনে একটি অনুষ্ঠানে জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার পর আওয়ামী লীগ নেতাদের সমালোচনায় পড়েন তারেক।
দুদিন আগে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন ‘ব্যর্থ’ রাজনীতিক, এর বিপরীতে তার বাবা জিয়া ছিলেন ‘সফল’।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে দিয়ে এসব কথা ‘বলানো’ হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা কামরুল।
‘এসব বলার জন্য তাকে নিযুক্ত করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। আমরা যখন ঘাতকদের বিচার করছি, তখন তারা সর্বশেষ অস্ত্র হিসেবে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।”
কামরুল ইসলাম (ফাইল ছবি)
“একজন পলাতক ফেরারি আসামির বক্তব্য আপনারা কোন ইথিকসে (নৈতিকতায়) প্রচার করছেন? সরকার যদি এসব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে, তখন বলবেন সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ববোধ আছে।”
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বক্তব্যে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শও দেন মন্ত্রী।
“আপনারা আপনাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন। জ্ঞানপাপী, মিথ্যাবাদী ইবলিস তারেক রহমান যেন আপনাদের সন্তানদের ওপর আছর করতে না পারে।”
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।
