২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সমৃদ্ধশালী করার মাধ্যমে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছিলেন। সেই যুগান্তকারী অর্থনৈতিক প্রক্রিয়াকে রাজনীতি করণের মাধ্যমে আওয়ামীলীগ সরকার দলীয় লোকদের প্রাধান্য দিতে গিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার পথ রুদ্ধ করে দিয়েছে।

“চরম দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যাবহার ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশে একটি ব্ল্যাকহোল তৈরি করেছে। যার খেসারত দেশের মানুষকে দিতে হচ্ছে।”

চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক স¤পাদক এ এম নাজিম উদ্দিন প্রমুখ।

শুক্রবার সকালে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে ফুল দেয়া, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একইদিন নগরীর কদমতলী এলাকা থেকে একটি শোভাযাত্রাও বের হবে।