২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুষ্ঠু নির্বাচন না হলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে’

শিগগিরই সুষ্ঠু নির্বাচন না দিলে দেশে ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘দেশে আজ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, এটা কোনোভাবেই দেশের জন্য শুভ নয়।’

তাই সরকারকে বলব, রাজনীতিতে জেদের কোনো অবকাশ নেই। বর্তমান সংকট থেকে উত্তরণে সরকারকে যতো দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নির্বাচনের উদ্যোগ নিতে হবে। আমরা এতে সহযোগিতা করব।’’

তা না হলে নারায়ণগঞ্জ ও ফেনীর মতো দেশে আরো ঘটনা ঘটতে পারে এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে,” বলেন মওদুদ।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) -এর উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নজরুল গীতি পরিবেশন করেন।

বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় দাবি করে মওদুদ আহমদ বলেন,‘‘যতোই মুখে বলুক না কেন  তারা (সরকার) স্বস্তিতে নেই। ’’

সরকারের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘‘ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নিন। নইলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকবে না।’’

আমরা আশা করব, সরকার পরিস্থিতি উপলব্ধি করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনবেন। দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবেন।’’

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মানুষ ‘চুপ’ করে বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে মওদুদ আহমদ বলেন, ‘‘সেক্ষেত্রে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কিছু থাকবে না।’’

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রসঙ্গ টেনে সাবেক আইনমন্ত্রী বলেন, ‘‘হাই কোর্ট আদেশ না দিলে ওই তিন র্যা্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করা সম্ভব হতো না।’’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় পর্যায়ে সেভাবে মর্যাদা দেয়া হয় না’ বলেও অভিমত জানান মওদুদ।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মওলানা ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খলিলুর রহমান, ছড়াকার আবু সালেহ, শিল্পী রিজিয়া পারভিন, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।