২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার মুন্সীগঞ্জে খালেদার জনসভা

রাজধানীর দুটি সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বুধবার মুন্সীগঞ্জে জনসভা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ওই দিন বিকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সমাবেশের অনুমতি পাওয়া গেছে বলে সোমবার জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “জেলা সভাপতি আবদুল হাই আমাকে জানিয়েছেন, জেলা কর্তৃপক্ষ থেকে জনসভার করার অনুমতি পাওয়া গেছে।”

এর আগের ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুই সমাবেশে পুলিশের বাধা দেয়ার সমালোচনা করেন রিজভী। 

“সরকার বিরোধী দলকে উন্মুক্ত ও ঘরোয়া কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না।”

সরকারের ‘কুকর্ম’ জনসমক্ষে উন্মোচিত হওয়ায় বিরোধী দলের সমাবেশ পুলিশ দিয়ে বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

“এ ক্ষেত্রে তাদের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর অতি সক্রিয় এক শ্রেণির সদস্য ছাত্রলীগের মতো কাজ করছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালনে দলের ১৪ দিনের কর্মসূচি চলছে। রোববার থেকে দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও পেশাজীবী সংগঠন আলোচনা সভা শুরু করছে।

৩০ মে সকাল ১০টায় খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতির কবরে ফুল দেবেন বলে বিএনপি নেতারা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, হেলেন জেরিন খান, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আওয়ামী লীগকে ‘পচতে’ সময় দিলেন খালেদা   
পুলিশের বাধায় আটকে গেল খালেদার সভা