পুলিশের বাধায় আটকে গেল খালেদার সভা
গুম-খুনের প্রতিবাদে ঢাকায় বিএনপির একটি সভা আটকে দিয়েছে পুলিশ, যাতে খালেদা জিয়ার অংশ নেয়ার কথা ছিল।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় এই সভা করার উদ্যোগ নিয়েছিল।
তবে সকালে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের সমাবেশ করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। তারা বলছেন, ‘সমাবেশের অনুমতি নেই’।”
সালাম জানান, তারা এই সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও কয়েকদিন আগেই চিঠি দেয়া হয়েছিল।
এই সমাবেশে বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয় বলে জানান তিনি।
সকাল ১১টায় থেকে বিএনপির নেতারা মিলনায়তনে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছিলেন। বেলা ১২টার দিকে মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান এসে বাধা দেন।
তিনি আয়োজকদের বলেন, “এখানে সমাবেশ করার কোনো অনুমতি নেই। আপনারা তাড়াতাড়ি চলে যান। নইলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।”
কর্তৃপক্ষের অনুমতি পেয়েছেন বলে বিএনপির নেতাদের বক্তব্য জানানো হলে শিবলী নোমান সাংবাদিকদের বলেন, “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তাদের ওই অনুমতি বাতিল করেছে।”
আর একদিন আগে পুলিশকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, “এক দিনের নোটিসে এরকম সমাবেশ হতে পারে না।”
বিএনপির সভাস্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ফটক বন্ধ করে পুলিশের অবস্থান।
বিএনপি নেতাদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, মিজানুর রহমান মিলনায়তনের ভেতরে ছিলেন। তাদের বের করে দেয় পুলিশ।
খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যান।
তারপর তিনি দলের যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পাঠান।
বুলুর সঙ্গে গিয়ে সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীও নিস্ফল হয়ে ফেরেন।
