‘বিএনপি শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খল আচরণ করে না’
বিএনপিকে ‘শান্তিপ্রিয়’ দল দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তারা উচ্ছৃঙ্খল আচরণ করেন না।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
আদালত বর্জনের যৌক্তিকতা ব্যাখ্যা করে খন্দকার মাহবুব বলেন, “আমরা প্রতিবাদ করছি, কারণ আইনজীবীদের আইন অঙ্গণে ঢুকতে দেয়া হয়নি।
“আইন অঙ্গণে ঢোকার চেষ্টার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আইনজীবীদের প্রতি সহানুভূতি থেকে আমরা এই সমাবেশ ডেকেছি।”
তাকেও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকতে বাধা দেয়া হয়েছে অভিযোগ করে মাহবুব বলেন, “আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি। আমাকে পর্যন্ত বাধা দেয়া হল। আমি বল্লাম, সুপ্রিম কোর্টে আইনজীবীরা ঢুকতে পারবে না। এই বিধান কোথায় আছে?
ফাইল ছবি
আইনজীবীদের সঙ্গে ‘অমানবিক’ আচরণ করা হলেও তাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হয়েছে বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
তিনি বলেন, “অতীতে অনেকে বিচার কক্ষে ঢুকে পদাঘাত করেছেন, তাদের প্রমোশন দিয়ে বহু ওপরে নিয়ে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৎকালীন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর সাহেবের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
“বিএনপি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আমরা এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করি না। আমাদের আইনজীবীদের উপর, ফোরামের আইনজীবীদের উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে, যদি অন্য কেউ হতো, তাহলে অনেক কিছু হয়ে যেত। আমরা অনেক সহনশীল।”
পুলিশি বাধায় পণ্ড হওয়া বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ রাজনৈতিক ছিল না বলে দাবি করেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, “এরশাদ সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনাও আইনজীবী সমিতিতে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
“গতকালের সমাবেশ রাজনৈতিক ছিল না। এটা ছিল দেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার দাবির জন্য। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হত্যা, গুমের বিরুদ্ধে সোচ্চার একমাত্র রাজনৈতিক ব্যক্তি সে কারণে আমরা তাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলাম।
“আমরা আইনজীবী হিসাবে যে যে দল করি না কেন, আমরা আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাস করি। দেশে সর্বত্র যেভাবে হত্যা, গুম, অপহরণ হচ্ছে, তারই প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না।”
খন্দকার মাহবুব বলেন, “কোনো বাধা ছাড়াই সেই সমাবেশের মঞ্চ-প্যান্ডেল সব হয়ে গেল। বিষয়টি আমরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকেও জ্ঞাত করলাম। প্রধান বিচারপতিকে বিষয়টি জ্ঞাত করতে গিয়েছিলাম, কিন্তু তিনি তখন ছিলেন না। এটা তাদের জ্ঞাতসারে করা হয়েছে।
“আমাদের কথা হলো, সমাবেশ করতে বাধা থাকলে দুই-তিনদিন আগেই বলতে পারতো। তা না করে হঠাৎ আগেরদিন রাত ১০টা-১১টার সময় পুলিশ এসে আমাদের মঞ্চ ভাংচুর করলো।”
সমাবেশে অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদেরঅনুমতি কে দিবে? আমরা আইনজীবী। আমাদের প্রাঙ্গণে আমরা সমাবেশ করছি। বার অ্যাসোসিয়েশন থেকে অনুমতি নেয়া হয়েছে। বারকে নির্ধারিত ফিও জমা দেয়া হয়েছে। তারপরও রেজিস্ট্রার সাহেব যদি মনে করতেন, তার অনুমতি দরকার, তাহলে কেন তিনি আগে বললেন না। তার সঙ্গে আমাদের কথা হয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রোগ্রাম শুরু হইছে সাড়ে ১০টা থেকে ১টা। আমরা ওখানে সুপ্রিম কোর্ট উল্লেখ করি নাই। তথাপিও সুপ্রিম কোর্ট ৯টা থেকে ১১টা পর্যন্ত বসেছে। আমি ৯টা থেকে সেখানে পৌনে ১০টা পর্যন্ত ছিলাম। সাড়ে ১০টার পর সেখানে আমি ছিলাম না।”
পরে ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম ইসলাম বলেন, সারা দেশে তাদের কর্মসূচি সফল হয়েছে।
হাই কোর্ট ঘুরে বেশ কিছু আদালতে বিচার কাজ চলতে দেখা না গেলেও অধিকাংশ আদালতেই বিচার কাজ হয়েছে।
