আদালত বর্জনের ডাক বিএনপির আইনজীবীদের
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে রোববার সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশস্থলে পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশস্থলে পুলিশ
‘বাড়াবাড়ি’ ভাল নয়: খালেদা
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়াকে নিয়ে সমাবেশ করে এই কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া।
রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জনের পাশাপাশি আরো চার দিনের কর্মসূচিও দিয়েছে বিএনপি সমর্থক আইনজীবীরা।
সোমবার সারাদেশে বিক্ষোভ,মঙ্গলবার সারাদেশে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে সারাদেশে কালো পতাকা মিছিল করবেন তারা।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং অ্যাডভোকেট চন্দন সরকারসহ সব অপহরণ-খুনের বিচার দাবিতে আইনজীবী ফোরাম এই সমাবেশ ডেকেছিল।
হরতাল-অবরোধের মধ্যে গত বছর উত্তাপ ছড়ানোর পর সরকার ও সরকারবিরোধী দুই পক্ষের আইনজীবীরা রাজনৈতিক কোনো কর্মসূচি আদালত প্রাঙ্গণে না করতে সম্মত হয়েছিল।
এক আইনজীবীকে আটকে পুলিশের তৎপরতা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশস্থলে পুলিশ
এরপর শনিবারই প্রথম কর্মসূচি আহ্বান করে সরকাবিরোধী আইনজীবীরা। কিন্তু গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গুম-খুনের প্রতিবাদে বিএনপির নাগরিক সমাবেশের মতো এই সমাবেশটিও পণ্ড হয়ে যায়।
পুলিশ ও সুপ্রিম কোর্ট কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়াই সমাবেশ করতে গিয়েছিল বিএনপি সমর্থক আইনজীবীরা।
এই সমাবেশের জন্য শুক্রবার রাতে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করেছিল ফোরাম। তবে রাতেই পুলিশ মঞ্চ ভেঙে দেয় এবং প্যান্ডেলের সব চেয়ার-টেবিল সরিয়ে দেয়।
সকাল থেকে সুপ্রিম কোর্টের ফটকগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি চালায় পুলিশ। ঢোকার পথে সাতজন আইনজীবীকে আটক করা হয় বলেও বিএনপির আইনজীবী নেতারা জানান।
সকালে হাই কোর্ট মাজারের ফটক থেকে অ্যাডভোকেট খোরশেদ আলম ও জহিরুল ইসলামসহ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নেয়া হলে আইনজীবীরা বিক্ষোভ করে।
এরপর ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “এরপরও আমরা সমাবেশ করব।”
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভেঙে পড়ে আছে আইনজীবী ফোরামের সমাবেশ মঞ্চ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাঙা মঞ্চে সমাবেশ শুরু করেছিল আইনজীবীরা
ভাঙা মঞ্চের পাশেই সমাবেশের কার্যক্রম শুরু হয় মাহবুবউদ্দিন খোকনের সভাপতিত্বে। প্রথমে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
অর্ধশত আইনজীবী নিয়ে সমাবেশ শুরু হয়। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন প্রমুখ।
পুলিশ সব মাইক খুলে নেয়ায় হ্যান্ডমাইক দিয়ে নেতারা বক্তব্য রাখছিলেন। আধা ঘণ্টা পরে আইনজীবীরা সমাবেশ পাশের জাতীয় প্রেসক্লাবে সরিয়ে নেন।
সেখানে সমাবেশে যোগ দিয়ে খালেদা জিয়া আইনজীবী সমাবেশে বাধা দেয়ার নিন্দা জানিয়ে ‘বাড়াবাড়ি’ না করতে সরকারকে হুঁশিয়ার করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই সমাবেশে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান প্রমুখ।
