২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জনের কর্মসূচি দিয়ে আদালতে খন্দকার মাহবুব

আদালত বর্জন কর্মসূচি ডেকে আদালতে শুনানিতে অংশ নিলেন বিএনপি সমর্থক আইনজীবীদের অন্যতম শীর্ষনেতা খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 11:27 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

আদালত বর্জনের ডাক বিএনপির আইনজীবীদের

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে থাকা মাহবুব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদেও রয়েছেন।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মো. কামরুজ্জামানের আপিল বিষয়ক একটি আবেদনের শুনানিতে রোববার সকাল ১০টা ৫ মিনিটে আপিল বিভাগে শুনানিতে অংশ নিতে দেখা যায় খন্দকার মাহবুবকে।

এদিন সুপ্রিম কোর্টসহ সারাদেশে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি রয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা পেয়ে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়ার উপস্থিতিতে এই কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া।

ওই সময় খন্দকার মাহবুবও সেখানে ছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও বিএনপি সমর্থক আইনজীবীদের নিয়ে সরব ছিলেন তিনি।

আদালত বর্জনের কর্মসূচির মধ্যে শুনানিতে অংশ নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে খন্দকার মাহবুব বলেন, “আমাদের কর্মসূচি তো সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত। আমি তার আগে শুনানি সম্পন্ন করেছি।”

Image
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে না পেরে সহকর্মীদের নিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে না পেরে সহকর্মীদের নিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে খন্দকার মাহবুব হোসেন।

Image
জাতীয় প্রেসক্লাবে শনিবার যে সমাবেশে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বক্তব্য রাখছেন খন্দকার মাহবুব হোসেন।

জাতীয় প্রেসক্লাবে শনিবার যে সমাবেশে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তাতে বক্তব্য রাখছেন খন্দকার মাহবুব হোসেন।

এদিকে কর্মসূচির সমর্থনে রোববার সকাল থেকেই সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছে বিএনপি সমর্থক আইনজীবীরা।

আইনজীবী সমিতির মূল ভবন থেকে দোতলা দিয়ে মূল আদালত ভবনের যাওয়ার ফটকে তালাও দেখা যায়। এই পথ দিয়েই সাধারণত আইনজীবীরা মূল বিচারালয় ভবনে যান।

দুর্নীতির দুই মামলার অভিযোগ গঠনকারী আইনজীবীর বৈধতা নিয়ে খালেদা জিয়ার আবেদনের বিষয়ে রোববার হাই কোর্টের আদেশ দেয়ার কথা রয়েছে। তা নিয়েও উত্তেজনা রয়েছে বিএনপির আইনজীবীদের মধ্যে।

এর মধ্যেই যুদ্ধাপরাধী কামারুজ্জামানের আইনজীবী হিসেবে খন্দকার মাহবুবকে দেখা যায় আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের ওই বেঞ্চে কামারুজ্জামানের মামলায় অ্যাডভোকেট তাজুল ইসলামকেও শুনানি করতে দেয়ার অনুমতি চান তিনি। তবে আদালত সেই আবেদন মঞ্জুর করেনি।

হাই কোর্টে তালিকাভুক্ত আইনজীবী তাজুল আপিল বিভাগে শুনানির জন্য অনুমতিপ্রাপ্ত নন। এ কারণে তার জন্য বিশেষভাবে অনুমতির সুযোগ চেয়ে এই আবেদন করা হয়।