রোববার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ
গুম-হত্যা-বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় নাগরিক সমাবেশ করতে না দেয়ায় রোববার রাজধানীসহ জেলা শহরগুলোতে বিক্ষোভ করবে বিএনপি।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গুম-অপহরণ-বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে ‘ফিরিয়ে দাও’ শীর্ষক নাগরিক সমাবেশ করতে দেয়নি পুলিশ। ওই সমাবেশে দলের চেয়ারপারসন খালেদ জিয়ার বক্তব্য দেয়ার কথা ছিল।
রিজভী সাংবাদিকদের বলেন, “বিএনপি মনে করে পুলিশ বেআইনি ও অসাংবিধানিকভাবে ওই নাগরিক সমাবেশ করতে দেয়নি। পুলিশ কর্তৃক দেশনেত্রী খালেদা জিয়ার নাগরিক সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি।”
রাজধানীতে প্রতিটি থানায় আলাদাভাবে বিক্ষোভ করা হবে বলে জানান তিনি।
বিরোধী দল দমনে সরকার পুলিশকে ছাড়পত্র দিয়েছে অভিযোগ করে দলের যুগ্ম মহাসচিব বলেন, “গুম-খুনের ঘটনায় সরকারের আসল চেহারা বেরিয়ে গেছে। তাদের মানবাত্মার অবমাননার কুৎসিত চেহারাটা উন্মোচিত হতো ভেবেই পুলিশ গায়ের জোরে নাগরিক সমাবেশটি বন্ধ করতে বলপ্রয়োগ করা হয়। আমরা এহেন গণবিরোধী পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ‘মিথ্যা অভিযোগপত্র’ প্রদানের নিন্দাও জানান তিনি।
রিজভী বলেন, “দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগপত্র দাখিল করা সরকারের আরেকটি নতুন ফ্রন্ট লাইন। এটি তাদের দমননীতির অংশ বিশেষ।’’
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
