না. গঞ্জে উপনির্বাচনে প্রার্থী দেবে না আ. লীগ
নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে উপনির্বাচনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়।
বৈঠক শেষে গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু এই আসনটি জাতীয় পার্টির ছিল, তাই এই আসনে আমরা প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান গত ২৮ এপ্রিল মারা যান।
তার মৃত্যুতে শূন্য এ আসনে আগামী ২৬ জুন উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। গত বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, ২৯ মে পর্যন্ত তা জমা দেয়া যাবে।
প্রথমদিনেই মনোনয়নপত্র কিনেছেন ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’র আহ্বায়ক রফিউর রাব্বি।
সন্ত্রাসের শিকার হয়ে এক বছর আগে নিজের স্কুলপড়ুয়া ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে হারিয়েছিলেন নাগরিক আন্দোলনের নেতা রাব্বি। ওই হত্যাকাণ্ড নিয়ে ওসমান পরিবারের দিকে অভিযোগ তার।
নাসিম ওসমানের ভাই আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানকে ভোটে হারিয়ে নারায়ণগঞ্জের মেয়র হওয়া সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচন সমন্বয়ক ছিলেন রাব্বি।
মেয়র নির্বাচনে আইভীর কাছে হেরে যাওয়া শামীম নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। নারায়ণগঞ্জ-৫ আসনটি থেকে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সদস্যরা নির্বাচিত হয়ে আসছেন।
এবারো নাসিমের স্ত্রী পারভিন ওসমান এবং শামীমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা খোকন সাহা এই উপনির্বাচনে প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে।
এছাড়া মেয়র আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।
