আন্দোলনের ‘প্রস্তুতি’তে জাতীয় পার্টি
গুম-খুন বন্ধ এবং জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের ‘প্রস্তুতি’ নেয়ার কথা জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
তবে সেই কর্মসূচি কী ধরনের হবে, তা জানতে আরো কিছুদিন ‘ অপেক্ষা’ করতে বলেছেন তিনি।
বুধবার সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের এক সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন।
একই দিনে আরেক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের এক মাসের কম সময়ের মধ্যে ফেনীতে এক উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যার প্রেক্ষাপটে উদ্বেগ জানান তিনি।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সরকারের গৃহীত পদক্ষেপে বিরোধী দল সন্তুষ্ট কি না- জানতে চাইলে রওশন বলেন, “কিভাবে সন্তুষ্ট হব? জাতীয় পার্টি জনগণের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। আমরা চাই দেশে শান্তি আসুক।”
সরকারি দলের নেতারা এবং খালেদা জিয়া নারায়ণগঞ্জ গেলেও ‘অসুস্থতার’ কারণে যেতে পারেননি বলে জানান বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা।
“তবে আমরা মানববন্ধন করেছি, বিবৃতি দিয়েছি। সংসদ অধিবেশন শুরু হলে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি (সংসদে) নিয়ে আলোচনা করব। পাশাপাশি রাজপথের কর্মসূচিও নেয়া হবে।”
কী কর্মসূচি দেবেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, “অপেক্ষা করে দেখ। পার্টিতে আলাপ-আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানালেও এক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলতেও চাননি জাতীয় পার্টির নেতা রওশন, বিরোধী দলের আসনে বসে সরকারের অংশগ্রহণ নিয়ে যাদের সমালোচনা রয়েছে।
রওশন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। তবে এ বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করতে হবে।”
নারায়ণগঞ্জের ঘটনায় সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “বিষয়টি বিচারাধীন, তদন্ত চলছে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দেখতে চাই।”
জাতীয় পার্টির সরকারের ‘গৃহপালিত’ বিরোধী দল- বিএনপির এই সমালোচনার জবাবে রওশন বলেন, “আমরা সংসদে কাদা ছোড়াছুড়ি, ফাইল ছোড়াছুড়ি, গালিগালাজ করি না বলে তারা এখন এই কথা বলছে।
“কিন্তু ওরা কী করেছে? গত সংসদে ওরা যখন বিরোধী দলে ছিল, তখন মাত্র ১০ দিন সংসদে গেছে। তখন তো আপনারা কেউ কিছু বলেননি।”
এরশাদের শঙ্কা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের সব সাফল্য ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের নারায়ণগঞ্জ জেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “খুন, হত্যা ও অপহরণের ঘটনায় সাধারণ মানুষ আজ আতঙ্কিত।
“এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারের সকল কার্যক্রম ম্লান হয়ে যাবে।”
এর আগে দলীয় এক সভায় নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন এরশাদ।
বুধবারের সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন। তবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান। তার মৃত্যুতে শূন্য ওই আসনে আগামী ২৬ জুন নির্বাচন হবে।
