দুর্নীতির মামলায় চট্টগ্রামে ৮ আ. লীগ নেতাকর্মীর জামিন
চট্টগ্রামে এক যুগ আগের একটি দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিয়েছেন আট আসামি, যাদের সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা আবেদন জানালে বিচারক এস এম মজিবুর রহমান তাদের অর্ন্তবর্তকালীন জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী রণি কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির ওপর দীর্ঘদিন উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। সম্প্রতি তা প্রত্যাহার করা হয়।
“আজ আসামিদের মধ্যে আট জন আদালতে হাজির হয়ে অর্ন্তবর্তীকালীন জামিনের আবেদন করলে আদালত আগামী ২৮ মে পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।”
জামিনপ্রাপ্তরা হলেন- নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, শ্রমিক লীগ নেতা মাহবুব মিন্টু, ইশতিয়াক আহমেদ চৌধুরী, মোবারক উল্লাহ, রেজাউল করিম চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, খোরশেদ আলম চৌধুরী ও মো. ইউনুস।
আট আসামির সবাই আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ মামলায় গত ১৬ এপ্রিল আদালতে আত্মসমর্পন করে জামিন নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
নগরীর মুরাদপুরে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ক্ষমতার অপব্যবহার করে দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি মামলাটি করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রাম জেলার পরিচালক শামসুল ইসলাম।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। এবিএম মহিউদ্দিন চৌধুরী তখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
আইনজীবী রণি কুমার দে জানান, মহিউদ্দিন চৌধুরী ওইসময়ে উচ্চ আাদলত থেকে জামিন নেন।
পরবর্তীতে মামলাটির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বিচার কার্যক্রম পরিচালিত হয়নি। এ মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছিল।
