২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে হাসিনার ফোন

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে অতীতের মতো আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সব সমস্যা নিরসনে আগ্রহের কথাও দেশটির ভাবী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার সকালে নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

“প্রধানমন্ত্রী আজ সকালে টেলিফোনে ভারতের আগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।”

শেখ হাসিনা টেলিফোন আলাপের এক পর্যায়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলে মাহবুবুল জানান।

“প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশসমূহের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো সমস্যা সমাধানে দু’দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

নয়া দিল্লিতে শনিবার সংবর্ধনায় নরেন্দ্র মোদি

নয়া দিল্লিতে শনিবার সংবর্ধনায় নরেন্দ্র মোদি

নয়া দিল্লিতে শনিবার সংবর্ধনায় নরেন্দ্র মোদি

ভারতে ষোড়শ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি।

দলটির নেতা নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারের সময় ভারত থেকে কথিত বাংলাদেশিদের বিতাড়নের কথা তোলায় তার সরকারের বাংলাদেশ নীতি নিয়ে অনেকের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।

তবে বিজেপিতে মোদির সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অমিত শাহ একদিন আগেই বলেছেন, নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে খুব একটা পরিবর্তন আসবে না।

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের উদ্যোগ পূর্ববর্তী কংগ্রেস সরকার নিলেও ভারতে বিরোধিতার কারণে এগোতে পারেনি।

আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্কের দিকটির দিকে ইঙ্গিত করে অনেকে বলছেন, বিজেপি সরকারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক মনমোহন সিংয়ের সরকারের মতো হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শনিবার এব আলোচনা সভায় বলেন, কংগ্রেসকে হটিয়ে ভারতে বিজেপির ক্ষমতায় আসায় আওয়ামী লীগ বিচলিত হয়ে পড়েছে।

তবে আওয়ামী লীগ আশাবাদী, বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতির যে ধারা গত পাঁচ বছরে চলছে, তা বিজেপির সময়ও অব্যাহত থাকবে।

গত শুক্রবার লোকসভা নির্বাচনে বিজয় ঘোষিত হওয়ার পর মোদিকে অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ওই দিন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান।

বিজেপির জয়ে আ. লীগ বিচলিত: ফখরুল

ভারতের বাংলাদেশ নীতিতে ‘পরিবর্তন আসছে না’

বাংলাদেশ নিয়ে পরামর্শ থাকছে কংগ্রেস সরকারের