বিএনপির সংশয়
অভিযোগের মুখে থাকা সাবেক তিন র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারে দেরি হওয়ায় নারায়ণগঞ্জে সাত খুনের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছে বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “দীর্ঘ বিলম্বের পর গতরাতে ২ জন র্যাব কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।
“এ বিষয়ে আমরা যে দীর্ঘসূত্রতা দেখছি, যেভাবে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের রাষ্ট্রীয় প্রটোকশন দেয়া হয়েছে, তাতে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে, ন্যায় বিচার পাওয়া যাবে কি না।”
হাই কোর্টের আদেশের ৬ দিন পর শনিবার ভোররাতে সাবেক দুই র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফুল হাসাননে গ্রেপ্তারের পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানায় বিএনপি।
আদালতের আদেশের পর তাদের গ্রেপ্তারে দেরি নিয়ে নিহতদের স্বজনরাসহ বিভিন্ন মহল থেকে অসন্তোষ প্রকাশ করা হচ্ছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার করা হবে।
রিজভী বলেন, “আমরা মনে করি দীর্ঘসূত্রতা ও বিলম্বিত প্রক্রিয়া সুষ্ঠু বিচারের পথে অন্তরায়। বিলম্বিত বিচারে অনেক দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হয় না। গডফাদারসুলভ ক্ষমতার অলিন্দে হেঁটে চলা অপরাধীরা এই সুযোগ নিয়ে নিজেদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রাখে।”
সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন উদ্ধৃত করে বিএনপি নেতা বলেন, “তারেক সাঈদ মোহাম্মদ নারায়ণগঞ্জের আগেও লাকসামেও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী ইসমাইল হোসেন অপহরণের পর তার পরিবার তারেক সাঈদের বিরুদ্ধে অভিযোগ করেছে।”
বিএনপির ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার পরও বিরোধী দলের নেতা-কর্মীদের গুম ও মিথ্যা মামলা দায়েরের ঘটনা বন্ধ হয়নি।
“নাটোরের বড়াইগ্রাম থানা যুব দলের সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন সেন্টুকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তার হাত-পা বাঁধা লাশ শুক্রবার ঢাকার হাতিরঝিলে পাওয়া গেছে।”
মেহেরপুর জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ, ঢাকার ডেমরা থানা যুবদল সভাপতি রফিকুল ইসলামকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ খান খোকন প্রমুখ।
