জনসভার অনুমতি না পেয়ে বিক্ষোভ করবে বিএনপি
যাত্রাবাড়ীতে জনসভার অনুমতি না দিলে ‘পরিণতি শুভ হবে না’ বলে সকালে ভারপ্রাপ্ত মহাসচিবের হুঁশিয়ারির পর ওই ঘটনায় বিকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
জনসভার অনুমতি না দেয়ার প্রতিবাদে শনিবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
সকালে একই স্থানে সংবাদ সম্মেলন করে জনসভার অনুমতি না দিলে পরিণতি শুভ হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই দফা স্থান পরিবর্তন করে সবশেষ যাত্রাবাড়ীর মাতুয়াইলে কনকর্ড হাউজিং মাঠে শনিবার জনসভা করতে মহানগর পুলিশের অনুমতি চেয়েও পায়নি বিএনপি। জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল।
সংবাদ ব্রিফিংয়ে জনসভা প্রস্তুতি কমিটির সমন্বয়ক তরিকুল বলেন, “বিরোধী দলকে জনসভা করতে দিতে ভয় পায় বলে সরকার অনুমতি দেয়নি। আমরা এর প্রতিবাদে ঢাকার সব থানায় শনিবার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘৃণা ও ধিক্কার জানাবো।’’
তরিকুল ইসলাম
“স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপিসহ মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একাধিবার যোগাযোগ হয়েছে। তারা অনুমতি দেবে, দিচ্ছি বলে টালবাহানা করে শেষে আর অনুমতি দেয়নি। এটা নিন্দনীয়।’’
ভারতের মতো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হঠাও জোয়ার বইতো দাবি করে তিনি বলেন, জোর করে ক্ষমতায় বসে তারা যে দাম্ভিকতা দেখাচ্ছে- তার জবাব জনগণ একদিন দেবেই দেবে।
বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম থেকে আসা যুবদলের সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন সেন্টুকে রাজধানীতে ‘সাদা পোশাকের ব্যক্তিরা’ তুলে নিয়ে যাওয়ার পর শুক্রবার রাজধানীর হাতিরঝিলে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে বলে দাবি করেন তরিকুল ইসলাম।
সংবাদ ব্রিফিং দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
