২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির দীর্ঘায়ু কামনা এরশাদের

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 03:33 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এরশাদ বলেন, “বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ ভারতের জনগণ বারে বারে প্রমাণ করে এসেছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা নিবেদিত এবং অদ্বিতীয়।

“সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতের জনগণ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে তাদের অনন্য ভূমিকার ধারাবাহিকতা রক্ষা করেছে।”

নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এরশাদ।

৮৫ বছর পেরোনো সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “আমি নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

গত ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচনে নয় দফা ভোটগ্রহণ হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৯টি আসনে। এর মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮৬টি আসনে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রয়োজন ছিল ২৭২টি আসন।