২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি তো নাম বলিনি: এরশাদ

জিয়াউর রহমানের খুনি হিসেবে কারো নাম না বললেও তা নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রতিক্রিয়া জানানো নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

খালেদা জিয়ার বক্তব্যের জবাবে কয়েকদিন আগে এরশাদ বলেছিলেন, জিয়ার খুনি কে তা তিনি জানেন।

এরশাদ বলেছিলেন, “আমি জানি, জিয়ার হত্যার সময় তার রুমের পাশে কে ছিলেন। আমি জানি, জিয়ার প্রকৃত খুনি কে।”

১৯৮১ সালে ব্যর্থ এক সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার সময় তার সঙ্গে বিএনপির তৎকালীন মহাসচিব বি চৌধুরীও ছিলেন।

এর প্রতিক্রিয়ায় এরশাদকে ‘সহজাত মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেন বিকল্পধারা সভাপতি বি চৌধুরী।

তার প্রতিক্রিয়ায় এরশাদ সোমবার দলের বনানীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, “আমি আমার বক্তব্যে কারো নাম উল্লেখ করিনি। তিনি কেন এটাকে ব্যাক্তিগতভাবে নিলেন, আমি জানি না। আমার শিক্ষা তেমন নয়।”

এরশাদ দাবি করেন, মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যাকাণ্ডের মামলায় তাকে হেয় করতে আসামি করা হয়েছে।

“জিয়াকে হত্যা কে করেছে তা আমি জানি, সবাই জানে। জিয়াকে হত্যার পর হত্যাকারী প্রকাশ্যে ঘোষণা করেছিল যে সে জিয়াকে হত্যা করেছে। মঞ্জুর হত্যা মামলার পুরোটাই দুরভিসন্ধিমূলক।”

জাতীয় পার্টি অচিরেই বিএনপিকে ছাড়িয়ে যাবে দাবি করে এরশাদ বলেন,“আমরা খুব দ্রুত বিএনপিকে রিপ্লেস করব। বিএনপি রাজনীতিতে নেই, তাদের ভবিষ্যত নেই। আমাদের ভবিষ্যত উজ্জ্বল।”

পুরনো খবর:

জানি, জিয়ার খুনি কে: এরশাদ