২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের জন্য খালেদার বিচার হবে: এরশাদ

মানুষ খুনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:41 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার ঠাকুরগাঁও সার্কিট হাউজে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গাইবান্ধা, কানসাট ও সাম্প্রতিক আন্দোলনে মানুষ খুনের জন্য আপনার বিচার হবে।”

সামনে মামলা আছে, রায়ে তার জেল হতে পারে বলেও মন্তব্য করেন এরশাদ।

খালেদা জিয়ার উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “যখন আমার সাথে হাত মেলাতে এসেছিলেন তখন তো আমি খুনি ছিলাম না, তাহলে হঠাৎ করে খুনি হলাম কেন?”

এ সময় জেলা জাপা সভাপতি আব্দুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে সাত খুনের পর গত রোববার বিএনপির গণঅনশন কর্মসূচিতে খালেদা জিয়া আওয়ামী লীগের উদ্দেশে বলেন, “আপনারা খুনিদের সঙ্গে বসবাস করছেন, উপদেষ্টা বানিয়েছেন। এরশাদ হলো খুনি। এরশাদ মঞ্জুরের খুনি, জিয়াউর রহমানের খুনি।”