শেখ হাসিনার সরকার থাকলে গুমও থাকবে: আমীর খসরু
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পক্ষে গুম-খুন-অপহরণ বন্ধ করা সম্ভব হবে না।
গুম-খুনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর বিএনপির সমাবেশে একথা বলেন তিনি।
ফাইল ছবি
খুন-গুম-অপহরণের প্রতিবাদে গণঅনশনকে একটি প্রতীকী কর্মসূচি উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে গণঅনশনে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবীর, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব পৌর মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসান, ড্যাব নেতা খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী অনশনের পর বিকালে আমীর খসরুকে শরবত খাইয়ে অনশন ভঙ্গ করান ২০১০ সালে ঢাকা থেকে অপহৃত বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাছার মা সামসুন্নাহার বেগম।
