কৃষক হত্যার জন্য খালেদার বিচার চান জাপা মহাসচিব
দশম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সহিংসতা এবং কানসাট ও গাইবান্ধায় কৃষক হত্যার জন্য খালেদা জিয়াকে ‘খুনী’ আখ্যায়িত করে তার বিচার চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
রোববার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
রোববার বিকালে ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার জন্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে দায়ী করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “আপনারা খুনীদের সঙ্গে বসবাস করছেন, উপদেষ্টা বানিয়েছেন। এরশাদ হলো খুনি। এরশাদ মঞ্জুরের খুনি, জিয়াউর রহমানের খুনি।”
এরপরই ‘জরুরি জাতীয় বিষয়ে’ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির মহাসচিব।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
“সেদিন জেনারেল মঞ্জুর চট্টগ্রাম বেতারে ভাষণ দিয়ে দাবি করেন, তিনিই জিয়াউর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করেছেন। এরপর তিনি চট্টগ্রামের কালেক্টরেট অফিসে গিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন।”
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বিএনপির জাস্টিজ সাত্তার সাহেব। তিনি তো কোনোদিন বলেননি জিয়াউর রহমানের খুনের সাথে এরশাদ সাহেব জড়িত।”
বাবুল বলেন, “জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। কই বিএনপি তখন তো কিছু বলেনি? পরে বিএনপি আবার ক্ষমতায় এসে এরশাদ সাহেবের বিরুদ্ধে ৭৪টি মামলা দেয়।
“রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এসব মামলায় পরে তিনি মুক্তি পান; নির্দোষও প্রমাণিত হন। ১৯৯১-৯৬ মেয়াদে এবং পরে ২০০১-০৬ মেয়াদেও বিএনপি নেত্রী এবিষয়ে কথা বলেনি।”
তিনি বলেন, “তখন তারা ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা তা করতে পারতেন। জিয়া হত্যায় তখন এরশাদের বিরুদ্ধে মামলা দেননি কেন ? এ অভিযোগের ভিত্তি ছিল না বলেই দিতে পারেননি।”
বেগম খালেদা জিয়া এখন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে কেন অভিযোগ করছেন তারও ব্যাখ্যা দেন বাবলু।
তিনি বলেন, বেগম জিয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন; তিনি নিজেও হত্যাকারী।
“তার আমলে গাইবান্ধায় সারের দাবিতে আন্দোলনরত ১১ কৃষককে এবং কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারী ২০ জনকে গুলি করে হত্যা করা হয়। এর দায় তাকে নিতে হবে।”
৫ জানুয়ারির নির্বাচনের আগের সহিংসতার জন্য বিএনপি ও খালেদা জিয়াকে দায়ী করে বাবলু বলেন, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে নির্বাচন পর্যন্ত বেগম জিয়া ও তার দলের সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৯ জন সদস্য নিহত হন।
“আগুনে পুড়ে ২৬ জন নারী ও শিশু মারা যান। সারাদেশে সহিংসতায় মারা যান ১৩৫ জন সাধারণ মানুষ। এরা বেগম জিয়ার হাতে নিহত হয়েছেন। বেগম জিয়া খুনি, তার দল খুনি। তাদের বিচার করতে হবে।”
এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে সরকারের কাছে দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব।
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে দেয়া খালেদা জিয়ার বক্তব্য বিষয়ে বাবলু বলেন, ২০০৬ সালে জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (আসলে হবে প্রতিমন্ত্রী) বাবর এরশাদ সাহেবের বাসায় গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
“তাহলে কি তারেক রহমানও তার বাবার খুনির সাথে হাত মেলাতে চেয়েছিলেন।”
খালেদা জিয়া নির্বাচন না করে ‘দিশেহারা’ অবস্থায় আছেন দাবি করে বাবলু বলেন, এখন তার কোনো রাজনীতি নেই। তিনি ইতিহাস বিকৃতির পথে আছেন।
জিয়াউর রহমানের মৃত্যুর পর সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছিল দাবি করে বাবলু বলেন, এরশাদ সাহেব সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়েছিলেন।
এক প্রশ্নের জবাবে বাবলু বলেন, “এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলাও বেগম জিয়া ১৫ বছর পর দিয়েছিলেন। আমরা মহাজোট সরকারে ছিলাম। চাইলে এ মামলা প্রত্যাহার করতে পারতাম।
“কিন্তু আমরা চেয়েছি আইনগত ফয়সালা হোক। এরশাদ সাহেব জড়িত নন। আইনগত প্রক্রিয়ায় স্বাভাবিক বিচার শেষ হোক।”
