সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুম-অপহরণ: মন্ত্রী
সাম্প্রতিক অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে পরিস্থিতি অস্থিতিশীল করার প্রয়াসের একটি অংশ বলে দাবি করেছেন দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও শাজাহান খান।
এসব ঘটনা প্রতিরোধে সরকারের দায়িত্ব রয়েছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেছেন, “এসব নিয়ে একটি মহল চক্রান্ত করছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব করা হচ্ছে।”
মন্ত্রী বলেন, সরকার গুম-অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অচিরেই পরিস্থিতির উন্নতি হবে।
নৌমন্ত্রী শাজাহান খান অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।
তিনি মাদারীপুরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “এখন যে ঘটনাগুলো ঘটছে, তা সুকৌশলে ১৯ দল তথা বিএনপি-জামাত চক্র করছে।
“তারা এসব ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে অকার্যকর করার প্রমাণের চেষ্টা করছে এবং সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।”
