২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅনশনে বসবেন খালেদা

গুম-খুনের বিরুদ্ধে রোববার দলের গণঅনশন কর্মসূচিতে যোগ দেবেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

রোববার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবে, বিকালে সেখানে যোগ দেবেন খালেদা।

বিএনপির অভিযোগ, গত এক বছরে সারাদেশে তাদের ৩১০ নেতা-কর্মী গুম অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

নারায়ণগঞ্জে গত সপ্তাহে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর গুম-খুনের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা।

রিজভী বলেন, “খুন, অপহরণ, মুক্তিপণ আদায়কারী, ক্রসফায়ারের মূল হোতারা হচ্ছে বর্তমান এই অবৈধ সরকারের বিভিন্ন বাহিনী। তাদের অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসী এসব ঘটনা ঘটাচ্ছে।”

বিরোধী দল দমনে সারাদেশে সরকারের মদদে সন্ত্রাস চলছে বলে দাবি কেরেন বিএনপি নেতা।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে বিএনপিই ‘চোরাগোপ্তা’ হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

পুরনো খবর:

একা চলবেন না, নেতাকর্মীদের প্রতি ফখরুল
গুম-খুন ঠেকাতে ‘রেড এলার্ট’ খালেদার
গুম-খুনে বিএনপি জড়িত: আওয়ামী লীগ