২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের মাধ্যমে আগাম নির্বাচন চায় জার্মানি: বিএনপি

৫ জানুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জার্মান সরকার দ্রুত সংলাপের মাধ্যমে আগাম নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 11:53 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ডাগমার জি ভোর্লের নেতৃত্বে জার্মান সংসদীয় প্রতিনিধি দল।

বৈঠক শেষে শমসের মবিন সাংবাদিকদের বলেন, “ডাগমার জি ভোর্ল বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচনে কম ভোটারের উপস্থিতি ভোটের ফলাফলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এরকম সমর্থন নিয়ে পূর্ণ সময় সরকার চালিয়ে যাওয়া নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সংশয় রয়েছে।”

তবে কী পদ্ধতিতে কখন আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের জনগণকে ঠিক করার পক্ষে প্রতিনিধি দল মত দিয়েছে বলে জানান তিনি।

সাবেক কূটনীতিক শমশের বলেন, অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হওয়ার আশাপ্রকাশ করেছেন তারা, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

তিনি বলেন, “জার্মান প্রতিনিধিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ৫ জানুয়ারির নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। সংসদের স্পিকার এবং বিরোধী দলীয় নেতা কোনো নির্বাচন ছাড়াই সংসদ সদস্য হয়েছেন।

“এজন্য দেশে অশান্তি বিরাজ করছে। দেশের কেউ নিরাপদ নয়। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও নিরপেক্ষ নির্বাচন দরকার, যার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।”

এর আগে সফররত প্রতিনিধি দল রানা প্লাজা ধসের ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রতি শ্রদ্ধা জানান এবং ধস থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও দেখা করেছেন।

বুধবার রাতেই প্রতিনিধি দলের জার্মানিতে ফিরে যাওয়ার কথা।

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং জার্মান প্রতিনিধি দলের সদস্য ফ্রাংক হেনরিখ এবং স্টিফেন রেবমান।